রোয়িং, ২ নভেম্বর: অসম ও অরুণাচল প্রদেশের দীর্ঘদিনের সীমান্ত বিবাদ মেটানোর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে সোমবার অরুণাচল প্রদেশের রোয়িংয়ে জেলা কমিশনারের দফতরে দুই রাজ্যের আঞ্চলিক কমিটির উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন অরুণাচল প্রদেশের মন্ত্রী ওজিং টাসিং এবং অসমের মন্ত্রী অতুল বরা। অসমের তিনসুকিয়া ও অরুণাচল প্রদেশের লোয়ার দিবাং ভ্যালি জেলার মধ্যবর্তী সীমান্তবর্তী এলাকাগুলির বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা এবং সীমানা নির্ধারণের সম্ভাব্য দিকগুলি নিয়ে আলোচনা হয়।
২০২২ সালের নামসাই ঘোষণা এবং ২০২৩ সালের সমঝোতা স্মারকের ভিত্তিতে সীমান্ত সমস্যা সমাধানের কাজ এগিয়ে চলেছে। আগে চিহ্নিত ১২৩টি বিবদমান গ্রামের মধ্যে ৭১টি গ্রামের সীমানা-সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হয়েছে। বাকি এলাকাগুলিতে Survey of India-র সহযোগিতায় জমি পরিদর্শন ও ক্ষেত্রসমীক্ষা চলছে।
বৈঠকে অরুণাচল প্রদেশের মন্ত্রী ওজিং টাসিং দুই রাজ্যের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে ন্যায়সংগত সমাধানের ওপর জোর দেন। অন্যদিকে, অসমের মন্ত্রী অতুল বরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর নেতৃত্বে হওয়া অগ্রগতির কথা উল্লেখ করেন।
দুই রাজ্যের যৌথ দল বিবদমান এলাকাগুলিতে স্থানীয় স্তরে পরিদর্শন চালিয়ে যাবে। এই প্রক্রিয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। ডিসেম্বরের শেষ দিকে কাজের অগ্রগতি এবং পরবর্তী কর্মপন্থা পর্যালোচনা করা হবে।