পুনে, ২ নভেম্বর: মহারাষ্ট্রের পুনের শিবাজিনগর জেলা ও দায়রা আদালতে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ই-মেল পাঠানোকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হুমকির খবর পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আদালত চত্বর খালি করে দেওয়া হয়। পুলিশ শুরু করেছে তল্লাশি অভিযান।

পুনে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আদালত প্রশাসনের কাছে একটি ই-মেল আসে। তাতে আদালতের ভবনের ভিতরে বোমা রাখা হয়েছে বলে দাবি করা হয়। এর পরেই নিরাপত্তার স্বার্থে আদালত চত্বরে থাকা লোকজনকে বাইরে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে ডাকা হয় Bomb Detection and Disposal Squad (BDDS)-কে। আদালত চত্বরে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হচ্ছে।

শুধু পুনে নয়, সোমবার মহারাষ্ট্রের থানে, হিঙ্গোলি এবং বীডের জেলা ও দায়রা আদালতেও বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ই-মেল পাঠানোর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনাগুলির পর সংশ্লিষ্ট আদালতগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

পুলিশ জানিয়েছে, থানে, হিঙ্গোলি ও বীডের আদালত চত্বরে প্রাথমিক তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। অন্যদিকে, পুনের শিবাজিনগর আদালতে তল্লাশি চলছিল। সেখানে কোনও বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া যায়নি।

হুমকি-ই মেলগুলির উৎস খুঁজে বের করতে পুলিশ ও সাইবার অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছে। এই হুমকি সত্যি, নাকি আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পাঠানো ভুয়ো ই-মেল, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।