গুয়াহাটি: মালিগাঁওয়ের আদিংগিরি পাহাড়ে শনিবার উচ্ছেদ অভিযান চালাল কামরূপ মহানগর জেলা প্রশাসন। পাহাড়টির প্রায় ১৪ বিঘা জমি দখলমুক্ত করাই এই অভিযানের লক্ষ্য বলে প্রশাসন জানিয়েছে।
প্রশাসনের দাবি, অনুমতি ছাড়াই পাহাড়ের জমি দখল করে কয়েকটি নির্মাণকাজ চালানো হচ্ছিল। ওই সব বেআইনি নির্মাণ সরিয়ে দখল হওয়া জমি উদ্ধারের উদ্দেশ্যেই এই অভিযান শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশের পরে রাজ্য জুড়ে যে অভিযান চলছে, এটি তারই অংশ। সরকারি ও বনভূমির দখল চিহ্নিত করে তা উদ্ধারে রাজ্য সরকারের চলতি পদক্ষেপের আওতাতেই আদিংগিরি পাহাড়ে এই অভিযান চালানো হচ্ছে।
এ দিকে, বন দফতরের কয়েক জন আধিকারিককে প্রভাবিত করে পাহাড়ের কিছু অংশ খননের অভিযোগও উঠেছে। যদিও ওই অভিযোগ স্বাধীন ভাবে এখনও নিশ্চিত করা যায়নি। উচ্ছেদ অভিযান তদারকিতে এক জন সার্কেল অফিসার-সহ জেলা প্রশাসনের অন্য আধিকারিকেরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।