বুলন্দশহর, ২০ নভেম্বর: বিয়ের ভোজে মাংসের কোরমায় টুকরোর পরিমাণ কম-বেশি হওয়া নিয়ে বচসার জেরে বর ও কনের পক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ঘটনাটি ঘটেছে ছায়ানা এলাকার একটি বিয়েবাড়িতে।

স্থানীয় সূত্রের খবর, ভোজ খেতে বসার সময় মাংসের টুকরো নিয়ে প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতিতে গড়ায়।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দু’পক্ষের লোকজনকে একে অপরকে লাথি-ঘুষি মারতে দেখা গিয়েছে। চেয়ার, টেবিল ও বাসনপত্র ছুড়ে হামলা চালানোরও অভিযোগ উঠেছে। কয়েক জন লাঠি দিয়েও হামলা করেন বলে জানা গিয়েছে। সংঘর্ষের জেরে ভোজের টেবিল, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে।

এই মারপিটে মহিলা ও শিশুসহ দু’পক্ষের কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়।

খবর পেয়ে স্থানীয় পুলিশ বিয়েবাড়িতে পৌঁছে দু’পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপের পরে বিয়ের বাকি অনুষ্ঠান সম্পন্ন হয় এবং কনেকে বিদায় দেওয়া হয়।

ভাইরাল ভিডিওর ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়াও চলছে।