আগামী ২০২৬ সালের শীতকালীন অধিবেশনেই সংবিধানের ১২৫তম সংশোধনী বিল, ২০১৯ পাশ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানালেন রাজ্যসভার সাংসদ রৌণগৌরা নার্জারি। তাঁর দাবি, উত্তর-পূর্বের ষষ্ঠ তফসিলভুক্ত স্বশাসিত পরিষদগুলির প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা বাড়াতে বিলটি কার্যকর করা জরুরি।

‘ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিল এবং উত্তর-পূর্বের জনজাতি অঞ্চলগুলির প্রশাসনে তার ভূমিকা’ শীর্ষক একটি নিবন্ধে নার্জারি ষষ্ঠ তফসিলের গুরুত্ব এবং জনজাতিদের স্বার্থরক্ষায় তার ভূমিকা তুলে ধরেছেন। অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার জনজাতি এলাকাগুলিতে স্বশাসন ব্যবস্থা মজবুত করতে এই তফসিলের বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

নার্জারি জানান, ২০১৯ সালে সংসদে উত্থাপিত ১২৫তম সংশোধনী বিলটি পরে সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছিল। কমিটি রিপোর্ট জমা দিলেও এখনও বিলটি পাশ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বিলটি পাশ হলে ২০২০ সালের বড়ো শান্তিচুক্তির একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণের পথ খুলবে।

সংবিধানের ২৮০ নম্বর অনুচ্ছেদ এবং ষষ্ঠ তফসিল সংশোধনের মাধ্যমে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধির বিষয়টিতে জোর দিয়েছেন সাংসদ। তাঁর বক্তব্য, ১৯৯৩, ২০০৩ ও ২০২০ সালের শান্তিচুক্তির ফলেই বড়োল্যান্ড স্বশাসিত পরিষদ, বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল এবং বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন গঠিত হয়েছিল।

তাঁর দাবি, ২০২০ সালের বড়ো শান্তিচুক্তি ওই এলাকায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সাহায্য করেছিল। চুক্তির পরে ১০ হাজারেরও বেশি সশস্ত্র সংগঠনের সদস্য অস্ত্র সমর্পণ করে মূলস্রোতে ফিরেছিলেন বলেও তিনি উল্লেখ করেছেন।

তবে বড়ো শান্তিচুক্তির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত ছয় বছর পরেও কার্যকর না হওয়ায় আক্ষেপ করেছেন নার্জারি। তাঁর মতে, সংসদে বিলটি পাশ করানোর মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এনডিএ সরকারের রয়েছে। রাজনৈতিক সদিচ্ছা দেখিয়ে প্রতিশ্রুতি পূরণে কেন্দ্রের পদক্ষেপ করা উচিত।

আগামী শীতকালীন অধিবেশনেই বিলটি পাশ হবে বলে আশা প্রকাশ করেছেন নার্জারি। তাঁর মতে, স্বশাসিত পরিষদগুলিকে আরও ক্ষমতা দেওয়া হলে জনজাতি স্বশাসন শক্তিশালী হবে এবং এলাকায় স্থায়ী শান্তি ও উন্নয়নের পথ প্রশস্ত হবে।