ইম্ফল, ১৯ নভেম্বর: মণিপুরের পূর্ব ইম্ফল জেলার লামলাই চালৌয়ে সেনার গাড়ি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হল। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে অষ্টম বিহার রেজিমেন্টের সিপাহি মালি জয়েশ হিম্মতের। তাঁর বয়স ছিল ২৪ বছর।
বুধবার দুপুর প্রায় ২টো নাগাদ জওয়ানদের নিয়ে যাওয়া সেনার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লামলাই চালৌ এলাকার ইতাম নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় ২৯ বছরের ক্যাপ্টেন হনুমান রামের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
মালি জয়েশ হিম্মত-সহ আরও ৩ জওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় ইম্ফলের ববিনা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মালি জয়েশ হিম্মতের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত সিপাহি রাকেশ চারপাতে, বয়স ৩৭ বছর, এবং অগ্নিবীর অখিলেশ কুমার শাহ, বয়স ১৯ বছর, এখনও হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরে মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং ও রাজ্যপাল অজয় কুমার ভল্লা নিহত ২ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান।