আগরতলা: আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে প্রচার জোরদার করছে বিজেপি। রবিবার আগরতলা পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী তথা উপমেয়র মনিকা দাস দত্তের সমর্থনে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে যোগ দেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। শতাধিক তরুণ সমর্থকও মিছিলে অংশ নেন।
ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে মিছিলটি টেকরাইচৌমুহনী বাজারে শেষ হয়। মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুশান্ত চৌধুরী জানান, ২৭ নভেম্বরের পুর নির্বাচনকে সামনে রেখে বিজেপির উদ্যোগে ইতিমধ্যেই প্রায় আটটি ওয়ার্ডে এ ধরনের বাইক মিছিল হয়েছে। ৪৩ নম্বর ওয়ার্ডে মনিকা দাস দত্তের সমর্থনেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
তরুণদের বড় সংখ্যায় অংশগ্রহণকে দলের প্রতি তাঁদের আস্থার প্রতিফলন বলে দাবি করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের উপর আস্থা রেখেই তরুণ সমাজ বিজেপিকে সমর্থন করছে। দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৫ থেকে ৬৬ শতাংশ তরুণ প্রজন্মের বলে দাবি করে নির্বাচনী প্রচারে তাঁদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন তিনি।
সুশান্ত চৌধুরীর দাবি, আগের নির্বাচনের চেয়ে বেশি ব্যবধানে আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডেই জিতবে বিজেপি। শুধু আগরতলা নয়, রাজ্যের অন্য ২০টি নগর স্থানীয় সংস্থাতেও বিজেপি প্রার্থীরা জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ২ ডিসেম্বর ভোটগণনার পরে বিজেপির প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন দেখা যাবে বলেও তাঁর দাবি।