কাজিরাঙার রঙাজানে ভয়াবহ পথদুর্ঘটনায় আহত দেড় বছরের দেব গোয়ালার বাঁ পায়ের গুরুতর আঘাত ধরা না পড়ায় তাঁকে সুস্থ বলে পরিবারের হাতে তুলে দিয়েছিল বোকাখাতের শহিদ কমলা মিরি অসামরিক হাসপাতাল। বর্তমানে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু।

১৩ নভেম্বর রঙাজানে ওই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাভেলার থেকে উদ্ধার করা হয়েছিল দেবকে। প্রথমে তার বাবা-মায়ের পরিচয় জানা যায়নি। চিকিৎসার জন্য তাকে বোকাখাতের শহিদ কমলা মিরি অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে তিন দিন ছিল শিশুটি। পরে তার পরিচয় জানা গেলে, দেবের বাবা-মা যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বোকাখাত হাসপাতাল থেকে তাকে সুস্থ বলে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

ঠাকুমার বাড়িতে পৌঁছনোর পরে হাঁটতে গিয়ে অসুবিধা হয় দেবের। এর পর শুক্রবার তার জেঠু, ঠাকুমা ও আত্মীয়েরা তাকে যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে স্বাস্থ্যপরীক্ষার পরে বাঁ পায়ে গুরুতর আঘাত ধরা পড়ে। পরে তার পায়ে প্লাস্টার করা হয়।

হাসপাতালে এখন ঠাকুমা ও জেঠুর সঙ্গে খেলতে দেখা যাচ্ছে দেবকে। তার মা নিকিতা গোয়ালার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, বাবা রাহুল গোয়ালার অবস্থা এখনও স্থিতিশীল নয় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পরে শিশুটির আঘাত চিহ্নিত না হওয়া এবং তাকে সুস্থ বলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় বোকাখাতের চিকিৎসা পরিষেবার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।