গুয়াহাটি, ২৭ নভেম্বর: অসম লোকসেবা কমিশনের নিয়োগ কেলেঙ্কারি মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রাক্তন চেয়ারম্যান রাকেশ পাল অন্তর্বর্তী জামিনে কারামুক্ত হলেন। গুয়াহাটি হাইকোর্টের দেওয়া তিন মাসের অন্তর্বর্তী জামিনের ভিত্তিতে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন।

গত ২৩ নভেম্বর বিচারপতি কল্যাণ রায় সুরানা ও বিচারপতি রাজেশ মজুমদারের ডিভিশন বেঞ্চ রাকেশ পালের কারাদণ্ড স্থগিত রেখে তাঁকে জামিন দেয়। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অথবা সংশ্লিষ্ট আপিলের নিষ্পত্তি হওয়া পর্যন্ত, যেটি আগে হবে, তত দিন এই জামিন বহাল থাকবে।

স্ত্রীর গুরুতর অসুস্থতার কথা জানিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন রাকেশ পাল। আবেদনে বলা হয়েছিল, তাঁর স্ত্রীর দু’টি কিডনিই অকেজো হয়ে গিয়েছে এবং চিকিৎসকেরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। স্ত্রীর চিকিৎসা ও পরিচর্যার জন্য তাঁর উপস্থিতি প্রয়োজন বলেও আদালতে জানানো হয়।

আদালত এ-ও বিবেচনা করেছে যে, রাকেশ পাল ইতিমধ্যেই আট বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন এবং তাঁর আপিলের শুনানিতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জামিনে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। তাঁকে এক লক্ষ টাকার জামিন বন্ডের সঙ্গে একই অঙ্কের তিন জন জামিনদার দিতে হবে। তাঁদের মধ্যে অন্তত এক জনের বিচার আদালতের এলাকার মধ্যে স্থাবর সম্পত্তি থাকতে হবে। বিচার আদালতের ভৌগোলিক এলাকা ছাড়তে হলে আগাম অনুমতি নিতে হবে। নিজের ঠিকানা ও যোগাযোগ নম্বর জানাতে হবে এবং পাসপোর্ট থাকলে তা আদালতে জমা দিতে হবে।

২০২৪ সালের জুলাইয়ে গুয়াহাটির একটি বিশেষ আদালত কৃষি উন্নয়ন আধিকারিক নিয়োগ কেলেঙ্কারি মামলায় রাকেশ পালকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশে তাঁর দোষী সাব্যস্ত হওয়ার রায় বাতিল হয়নি; আপিলের নিষ্পত্তি পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য শুধু কারাদণ্ড স্থগিত রাখা হয়েছে।