ধুবুড়ি, ২৭ নভেম্বর: জেলার বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করল সর্ব অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন বা আমসু। সংগঠনের দাবি, হাজার হাজার কর্মী-সমর্থক ওই মিছিলে অংশ নিয়ে জেলাশাসকের কার্যালয় ঘেরাও করেন।

উচ্ছেদের জেরে গৃহহীন পরিবারগুলির পুনর্বাসন এবং উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়। বিক্ষোভ শেষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উদ্দেশে লেখা একটি স্মারকপত্র জেলাশাসকের মাধ্যমে জমা দেন আমসুর প্রতিনিধিরা।

২৭ নভেম্বর, ২০২৬-এ পাঠানো ওই স্মারকপত্রে সংগঠনটির দাবি, জেলার বিভিন্ন প্রান্তে উচ্ছেদ অভিযানের ফলে হাজার হাজার পরিবার গৃহহীন হয়েছে। পর্যাপ্ত আশ্রয়, পানীয় জল, অনাময় এবং স্বাস্থ্যপরিষেবার অভাবে উচ্ছেদ হওয়া পরিবারগুলি সমস্যায় পড়েছে বলেও দাবি করা হয়েছে।

আমসুর দাবি, চিকরকুটা-চারুয়াবাক্রা এলাকায় প্রায় ৩,৫০০ বিঘা সরকারি খাসজমি, ১,৭০০ বিঘা পাট্টাজমি এবং ২০০ বিঘা বরাদ্দ জমি থেকে প্রায় ১,৩৫৫টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এর ফলে চারটি স্কুল, চারটি মসজিদ, তিনটি মাদ্রাসা, তিনটি কবরস্থান, দু’টি ঈদগাহ এবং দু’টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র-সহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংগঠনটির দাবি।

স্মারকপত্রে বলা হয়েছে, উচ্ছেদ হওয়া বহু পরিবারের সদস্য এখনও অস্থায়ী শিবিরে রয়েছেন। শিবিরে থাকাকালীন সাকিনা খাতুন নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলেও আমসুর দাবি।

আলমগঞ্জের রাঙামাটি এলাকায় প্রায় ১,৫০০ বিঘা সরকারি খাসজমি থেকে প্রায় ৬৫০টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে। ওই এলাকার ঐতিহাসিক দরগাহ, কবরস্থান ও ঈদগাহ-সংলগ্ন স্থাপনাগুলি সংরক্ষণের দাবিও জানিয়েছে সংগঠনটি।

চাপর-ফালিমারী এলাকায় প্রস্তাবিত উচ্ছেদ অভিযান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আমসু। তাদের দাবি, প্রায় ২,৮০০ থেকে ৩,০০০ বিঘা জমিতে বসবাসকারী প্রায় ২,০০০ পরিবার এতে প্রভাবিত হতে পারে। এঁদের মধ্যে প্রায় ৭০০ পরিবারের পাট্টাজমি রয়েছে। ছ’টি গ্রামের ১৫০টির বেশি পরিবারকে ইতিমধ্যেই উচ্ছেদের নোটিস পাঠানো হয়েছে বলেও দাবি সংগঠনটির।

প্রস্তাবিত উচ্ছেদ স্থগিত রাখা, ইতিমধ্যে উচ্ছেদ হওয়া পরিবারগুলির নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুনর্বাসন, যোগ্য ভূমিহীন পরিবারকে পাট্টা এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে আমসু। খাদ্য, পানীয় জল, অস্থায়ী আশ্রয়, চিকিৎসা ও অন্যান্য জরুরি সাহায্যের ব্যবস্থা করার পাশাপাশি পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণে প্রশাসনিক কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছে তারা।