যোগীঘোপা, ২৬ নভেম্বর: বঙাইগাঁও জেলার যোগীঘোপায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে বৃহস্পতিবার ভোররাতে তাঁদের আটক করা হয়।
বঙাইগাঁওয়ের পুলিশ সুপার নোমল মাহাত্তার নেতৃত্বে একটি পুলিশ দল গোপন সূত্রে খবর পেয়ে যোগীঘোপা থানার অন্তর্গত নরনারায়ণ সেতুর কাছে অভিযান চালায়। একটি অটোরিকশায় করে জেলার সীমানা পেরোনোর চেষ্টা করার সময় তাঁদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন আহদ আলি (২০), আমিন খান (২৪), আমিনুল ইসলাম (১৮), আশাদুল আলি (২৫), ইছারুল ইসলাম (২৪), জেম শেখ (২১), মাছারুল ইসলাম (২২), মিজেন শেখ (২১), মিথুন শেখ (২৬), মহম্মদ রাসেল আলি (২০), মহম্মদ মতলেব (২০), পারভেজ শেখ (২১) এবং ছামিম আলি (১৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বাংলাদেশের রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে দাবি করেছেন। পুলিশের সন্দেহ, প্রায় দু’মাস আগে প্রতিবেশী রাজ্যগুলির পথ ধরে তাঁরা ভারতে ঢুকেছিলেন এবং দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেছেন।
বর্তমানে সকলকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের পরিচয়, ভারতে প্রবেশের পথ এবং সম্ভাব্য সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। ঘটনার আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।