মণিপুর, ২৪ নভেম্বর: ইম্ফল পশ্চিম ও ইম্ফল পূর্ব জেলায় নিরাপত্তাবাহিনীর পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন কাঙ্গলেইপাক কমিউনিস্ট পার্টি বা কে সি পি-র সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ২৩ ও ২৪ নভেম্বরের এই অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং যোগাযোগের সরঞ্জামও উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সি ডি ও এবং অসম রাইফেলসের যৌথ দল অভিযান চালায়। সশস্ত্র সংগঠন ও তোলাবাজি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই অভিযান চালানো হয়।

২৪ নভেম্বর ইম্ফল পশ্চিমের নুম্বুল নদীর ধারের মসজিদ রোড থেকে কে সি পি (পি ডব্লিউ জি)-র সদস্য ওইনাম নাওবা সিংহ ওরফে নানাওকে গ্রেফতার করা হয়। ২৬ বছরের নাওবা সিংহ কাংপকপি জেলার মটবুং এলাকার চরহাজারে গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে তোলাবাজির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

একই দিনে মায়াং ইম্ফল থানার অধীন ছাগাইসাবিতে তল্লাশি চালিয়ে দুটি লেথোড বন্দুক, ছ’টি ব্যারেল বন্দুক এবং দুটি পিস্তল উদ্ধার হয়। ব্যারেল বন্দুকগুলির মধ্যে একটি ডাবল ব্যারেল এবং পাঁচটি বোল্ট-অ্যাকশন সিঙ্গল ব্যারেল বন্দুক। একটি পিস্তল ৯ মিলিমিটার এবং অন্যটি দশমিক ২২ ক্যালিবারের। দু’টিতেই ম্যাগাজিন ছিল।

এ ছাড়া সাতটি অ্যান্টি-রায়ট মিউনিশন এবং চার্জার-সহ পাঁচটি হাতের যোগাযোগের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগে, ২৩ নভেম্বর পাটসই থানার অধীন বিভিন্ন এলাকা থেকে কে সি পি (পি ডব্লিউ জি)-র আত্মসমর্পণ না-করা গোষ্ঠীর চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাঁরা হলেন ফিজাম মুথি সিংহ ওরফে বসন্ত ওরফে ফিরেপ্পা, লংজাম নাওবা সিংহ, সোরোখাইবাম ইনাওচা সিংহ ওরফে রমেশ এবং সুখাম জেমস সিংহ ওরফে নাগাকপা।

২৪ নভেম্বর সি ডি ও ইম্ফল পূর্ব এবং ৩১ অসম রাইফেলসের যৌথ দল কে সি পি (অপুনবা)-র দুই সক্রিয় সদস্য কাংগাবাম টন্ডনবা মেইতেই ওরফে থোইবা এবং চিকামবৌ পামেইকে গ্রেফতার করে। রাজ্যে সশস্ত্র সংগঠন ও তোলাবাজি চক্রের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর অভিযান চলছে।