ডিগবৈ: রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে তেলনগরী ডিগবৈয়েও উৎসাহ ও উদ্দীপনার মধ্যে পালিত হল পবিত্র ছট পুজো। এই উপলক্ষে ডিগবৈয়ের ভাসান পুকুরের পাড়ে দেখা গেল উৎসবমুখর পরিবেশ।
ছট পুজো উপলক্ষে সন্ধ্যায় ডিগবৈয়ের ভাসান পুকুরের পাড়ে অসংখ্য ভক্তের সমাগম হয়। প্রথা মেনে সূর্যদেবের আরাধনার পাশাপাশি পরিবারের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তাঁরা।
শত শত পুরুষ ও মহিলা অস্তগামী সূর্যদেবকে ভক্তিভরে অর্ঘ্য নিবেদন করেন। দেশ ও জাতির মঙ্গল কামনা করে পুজো-অর্চনাও করেন তাঁরা।
সব জাতিগোষ্ঠী, ভাষা ও ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ডিগবৈয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের সুন্দর ছবি ফুটে ওঠে। ভক্তি, আধ্যাত্মিকতা ও সামাজিক সম্প্রীতির আবহে ভাসান পুকুরের পাড় ধর্মীয় মিলনক্ষেত্রে পরিণত হয়।