ডিমরিয়া, ১৪ নভেম্বর: তিওয়া স্বশাসিত পরিষদে ডিমরিয়ার ছ’টি সমষ্টি কাটার প্রস্তাবের বিরুদ্ধে সরব হল বৃহত্তর ডিমরিয়ার বিভিন্ন জাতিগোষ্ঠীর ১৮টি সংগঠন। ডিমরিয়া জেলা ট্রাইবেল সংঘের ডাকে শনিবারের নাগরিক সভায় প্রতিনিধিরা তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।
সভায় ডিমরিয়ার আগের ছ’টি সমষ্টি বহাল রেখে আসন্ন নির্বাচন করানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি, সমষ্টি কর্তন এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। দাবি না মানলে অনশন, বিক্ষোভ ও পথ অবরোধের মতো ধারাবাহিক শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছে সংগঠনগুলি।
সংগঠনগুলির অভিযোগ, উন্নয়নের নামে ডিমরিয়ার জনজাতি অধ্যুষিত বেল্ট ও ব্লককে গুয়াহাটি মহানগরের সঙ্গে যুক্ত করার চেষ্টা হলে এলাকার জমি, বনাঞ্চল এবং স্থানীয় মানুষের অধিকারের উপর প্রভাব পড়তে পারে। চন্দ্রপুর, পানিখাইতি এবং বৃহত্তর ডিমরিয়ার বিভিন্ন এলাকার মানুষ এই প্রস্তাবের বিরোধিতা করছেন বলেও সভায় জানানো হয়।
সংগঠনগুলির দাবি, ২০০৫ সালের তিওয়া স্বশাসিত পরিষদের নির্বাচন সংক্রান্ত সংশোধনী আইনের বিধান মেনে ডিমরিয়ার আগের ছ’টি সমষ্টিতেই নির্বাচন করতে হবে। ২০১৫ সালে ছ’টি সংগঠন এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বলেও সভায় উল্লেখ করা হয়েছে। তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট এলাকাগুলি জনজাতি অধ্যুষিত এবং সেখানে গ্রামগুলির গুচ্ছ রয়েছে।
সভায় জানানো হয়, ডিমরিয়ার বিভিন্ন গ্রামে বড়ো, কাছারি, তিওয়া ও রাভা জনগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। ৪৩টি গ্রামে কোচ রাজবংশী জনগোষ্ঠীর ১০ হাজার থেকে ১৫ হাজারেরও বেশি মানুষ বাস করেন বলেও প্রতিনিধিদের দাবি।
ডিসেম্বরে হতে চলা তিওয়া স্বশাসিত পরিষদ নির্বাচনে ডিমরিয়ার একটি সমষ্টিও না কেটে আগের ছ’টি সমষ্টিতেই ভোট করানোর দাবি তুলেছে সংগঠনগুলি। সরকার দাবি না মানলে আইনি পদক্ষেপের পাশাপাশি আন্দোলন তীব্র করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।