জাগীরোড, ১৫ নভেম্বর: জাগীরোডের মনহাটে রবিবার সকালে নিজের সুইফট গাড়ির ভিতর থেকে এক চালকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম মরিগাঁও জেলার দলবাড়ির বাসিন্দা আশ্রাফুল ইসলাম।
রাস্তার ধারের একটি গভীর খালে এএস-০৪কে-৫০৫১ নম্বরের গাড়িটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জাগীরোড পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি এবং চালকের দেহ উদ্ধার করে।
পরিবারের সূত্রে জানা গিয়েছে, শনিবার বুরাবুরি থেকে কয়েক জন যাত্রী গাড়িটি ভাড়া করে গুয়াহাটি গিয়েছিলেন। গুয়াহাটি থেকে ফেরার পথে গাড়িতে থাকা এক ব্যক্তির আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আশ্রাফুল।
সন্দেহভাজন ওই ব্যক্তির ফোন নম্বর এবং একটি ছবি আশ্রাফুল তাঁর স্ত্রীকে পাঠিয়েছিলেন বলেও পরিবারের দাবি। তার পর থেকেই আশ্রাফুলের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।
আশ্রাফুলের মৃত্যুকে দুর্ঘটনা বলে মানতে নারাজ তাঁর পরিবারের সদস্যেরা। তাঁদের অভিযোগ, তাঁকে খুন করে ঘটনাটিকে দুর্ঘটনার চেহারা দিতে গাড়িটি খালে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। যদিও তদন্তে এখনও সেই অভিযোগের প্রমাণ মেলেনি।
মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনতে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে পরিবার।