কংগ্রেস বিজেপিকে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার বদলে আঞ্চলিক রাজনৈতিক দল এবং প্রকৃত গণ-আন্দোলনগুলিকেই নিজেদের ‘প্রধান শত্রু’ বলে মনে করে। এমনই অভিযোগ তুলেছেন রাইজর দলের সভাপতি ও শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। কংগ্রেসের সঙ্গে রাইজর দলের জোট ভেঙে যাওয়ার প্রায় দু’মাস পরে ফের কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন তিনি।

এ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী এবং রাজনৈতিক কর্মী যোগেন্দ্র যাদবকে পৃথক চিঠি পাঠিয়েছেন অখিল। মঙ্গলবার রাহুলকে পাঠানো চিঠিতে তিনি অভিযোগ করেছেন, ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র নেতৃত্বে চলা আন্দোলন দুর্বল করার জন্য কংগ্রেস দায়ী।

অখিলের বক্তব্য, সিজেপি-র আন্দোলনকে সমর্থন না করে কংগ্রেস সমান্তরাল প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল। তাতে আন্দোলনের শক্তি বিভক্ত হয় এবং শাসকপক্ষ আন্দোলনটিকে নিয়ন্ত্রণের সুযোগ পায়। তাঁর অভিযোগ, প্রকৃত গণ-আন্দোলনের সঙ্গে প্রতিযোগিতায় নেমে কংগ্রেস আন্দোলনের শক্তিই কমিয়েছে।

যুব প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা এমন আন্দোলনগুলিকে বিরোধী রাজনৈতিক দলগুলির নিঃশর্ত সমর্থন করা উচিত বলে মত অখিল গগৈয়ের।

সিজেপি বা তার নেতৃত্বের সঙ্গে কংগ্রেসের মতপার্থক্য থাকলেও আন্দোলনটির পাশে দাঁড়াতে রাহুলকে অনুরোধ করেছেন তিনি। যোগেন্দ্র যাদবকে লেখা চিঠিতেও অখিলের অভিযোগ, বিজেপিকে আদর্শগত প্রতিদ্বন্দ্বী বললেও বাস্তবে কংগ্রেস আঞ্চলিক জোটসঙ্গী ও স্বতন্ত্র গণ-আন্দোলনের শক্তি খর্ব করার চেষ্টা করে আসছে।

১ নভেম্বর নয়াদিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের প্রতিবাদী সমাবেশকেও ‘ঐতিহাসিক ভুল’ বলেছেন অখিল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ওই সমাবেশ হয়েছিল। বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে সিজেপিও আলাদাভাবে প্রতিবাদ করে আসছিল। তবে নিজেদের স্বতন্ত্র পরিচয় বজায় রাখতে সংগঠনটি রামলীলা ময়দানের সমাবেশে যোগ দেয়নি।

বিরোধী ঐক্যে একক আধিপত্য কায়েমের বদলে আঞ্চলিক দলগুলির সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে কাজ করার পরামর্শ দিয়েছেন অখিল। রাহুলকে একমাত্র প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার বদলে বৃহত্তর বিরোধী ঐক্য গড়ার উপর জোর দেওয়ার আবেদনও তাঁর। ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে স্বতন্ত্র গণ-আন্দোলন ও আঞ্চলিক শক্তির সমর্থন জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

চলতি বছরের ৩ সেপ্টেম্বর অসম প্রদেশ কংগ্রেস রাইজর দলের সঙ্গে রাজনৈতিক জোট ভাঙার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল। জোটের নীতি-নিয়ম ভাঙার অভিযোগে সেই সিদ্ধান্ত হয়। ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনের আগে দুই দলের মধ্যে আসন সমঝোতা হয়েছিল। রাইজর দল ১৩টি আসনে লড়ে ধিং ও শিবসাগর—দুই আসনে জেতে। কংগ্রেস পায় ১৯টি আসন, আর ১২৬ আসনের বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জেতে ১০২টি আসন।