যোরহাট, ১৮ নভেম্বর: মাছবাহী একটি গাড়ি আটকে চালকের কাছ থেকে ২,০০০ টাকা ছিনতাই এবং গালিগালাজের অভিযোগে যোরহাটের টীয়কে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা বিজেপি যুব মোর্চার নেতা হিসেবে পরিচিত লিটন বুড়াগোহাঁই, ত্রিশান্ত দত্ত, অরিন্দম বরা এবং অসীম বুড়াগোহাঁই।
১৮ নভেম্বর ভোররাত প্রায় ২টো নাগাদ টীয়ক থানার অন্তর্গত মেলেং মেটেলি টোলগেটের কাছে ঘটনাটি ঘটে। অভিযোগ, গন্তব্যে যাওয়ার পথে মাছবাহী গাড়িটির পথ একটি স্করপিও গাড়ি দিয়ে আটকানো হয়। পরে চালককে জোর করে থামিয়ে তাঁর কাছ থেকে টাকা নেওয়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়।
ঘটনার পরে শিবসাগরের খারাগড় চেনছুয়া গ্রামের গুণমণি বরুয়া টীয়ক থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগপত্রে অরুণদম বরুয়া, লিটন বুড়াগোহাঁই, অসীম বুড়াগোহাঁই এবং ত্রিশান্ত দত্তের নাম রয়েছে।
টীয়ক থানায় ১৪৬/২০২৬ নম্বর মামলা রুজু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ২৯৬, ৩(৫), ৩০৯(৪) এবং ৩৫১(২) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিদর্শক দেবেন্দ্র শর্মাকে।
পুলিশ চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে। তবে টাকা ছিনতাই এবং আক্রমণাত্মক আচরণের অভিযোগের সত্যতা তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার পরেই স্পষ্ট হবে।