গুয়াহাটি, ১৮ নভেম্বর: দু’চাকার গাড়ি চালানোর সময়ে হেলমেট না পরলে, বারবার নিয়মভঙ্গের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে। এমনই কড়া সতর্কবার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, হেলমেট ছাড়া দু’চাকার গাড়ি চালানোকে আর শুধু জরিমানাযোগ্য সাধারণ নিয়মভঙ্গ হিসেবে দেখা হবে না। আগামী দিনে পথনিরাপত্তার বিধি না মানা চালকদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

হেলমেট পুলিশের জরিমানা এড়ানোর উপায় নয়, দুর্ঘটনার সময়ে প্রাণ বাঁচানোর অত্যাবশ্যক সুরক্ষা সরঞ্জাম।

মুখ্যমন্ত্রী একটি সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে বলেন, দু’চাকার গাড়ির দুর্ঘটনায় মৃতদের ৬০.১ শতাংশই হেলমেট পরেননি। তাঁর মতে, এই তথ্যই হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা স্পষ্ট করে। চালকের পাশাপাশি পিছনের আসনের যাত্রীরও হেলমেট পরা বাধ্যতামূলক বলে তিনি স্মরণ করিয়ে দেন।

হেলমেট সংক্রান্ত বিধি কঠোর ভাবে কার্যকর করতে যানবাহন আইন প্রয়োগের দায়িত্বে থাকা দফতর ও সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বারবার নিয়মভঙ্গের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি লাইসেন্স এবং গাড়ির রেজিস্ট্রেশন বাতিলের পদক্ষেপও করা হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বুধবার রাজ্য জুড়ে শুরু হওয়া যানবাহন আইনভঙ্গ-বিরোধী অভিযান কেবল সূচনা বলে মন্তব্য করেন তিনি। আগামী দিনেও রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চলবে এবং তার অগ্রগতি তিনি নিজে নজরে রাখবেন বলেও জানান। দু’চাকার গাড়ির দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতেই সরকার এই কঠোর অবস্থান নিয়েছে।