গুয়াহাটি, ১৮ নভেম্বর: নবপ্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে সদৌ অসমভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে গুয়াহাটির প্রকাশনা গোষ্ঠী ‘বর্ণ’। বিশিষ্ট বিজ্ঞানী ডঃ হিরণ্য চন্দ্র ভূঞার পরিবারের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিষয়, ‘বিজ্ঞানে আনিলে জোয়ার’।
প্রতিযোগিতাটি দু’টি বিভাগে হবে। অষ্টম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য একটি এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য অন্য বিভাগটি রাখা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার এবং ১০ হাজার টাকা দেওয়া হবে।
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অসমীয়া ভাষায় লেখা সর্বাধিক ১,৫০০ শব্দের মৌলিক রচনা পিডিএফ আকারে hcbessay@gmail.com ঠিকানায় পাঠাতে হবে প্রতিযোগীদের। প্রতিযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
অংশগ্রহণকারী প্রত্যেক পড়ুয়াকে ডঃ হিরণ্য চন্দ্র ভূঞার জীবনভিত্তিক একটি বই দেওয়া হবে। আগামী ডিসেম্বর মাসে গুয়াহাটি বইমেলায় বইটির প্রকাশ-অনুষ্ঠানের সঙ্গেই বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
১৮ নভেম্বর গুয়াহাটি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানান সঞ্জীব কাকতি ও শান্তিকাম হাজরিকা। সেখানে উপস্থিত ছিলেন ‘বর্ণ’-এর স্বত্বাধিকারী রক্তিম ঠাকুরিয়া।
কটন কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং অসম লোকসেবা আয়োগের প্রাক্তন সভাপতি ডঃ হিরণ্য চন্দ্র ভূঞার জীবন অবলম্বনে ‘বিজ্ঞানে আনিলে জোয়ার’ বইটি লিখেছেন বিশিষ্ট লেখক ডঃ অমরজ্যোতি চৌধুরী। বইটির মাধ্যমে পড়ুয়ারা বিজ্ঞানী ডঃ ভূঞার জীবন ও কাজ সম্পর্কে জানার সুযোগ পাবে।