আন্তর্জাতিক, ১৯ নভেম্বর: আগামী দশকগুলিতে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হয়ে উঠতে পারে ইসলাম। সাম্প্রতিক জনসংখ্যাগত প্রক্ষেপণ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যেই এমন সম্ভাবনা রয়েছে।
২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বে ধর্মভিত্তিক জনসংখ্যার পরিবর্তন বিশ্লেষণ করে এই প্রক্ষেপণ করা হয়েছে। গবেষণায় ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৯৯.৯৮ শতাংশের প্রতিনিধিত্ব করে।
মুসলিম, খ্রিস্টান, হিন্দু, ইহুদি, বৌদ্ধ ও ধর্মীয় পরিচয়হীন মানুষ-সহ সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখা হয়েছে। সমীক্ষা অনুযায়ী, আগামী দশকগুলিতে খ্রিস্টান ও মুসলিম—দুই গোষ্ঠীরই জনসংখ্যা বাড়বে। তবে মুসলিম জনসংখ্যা তুলনামূলক ভাবে দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।
এর অন্যতম কারণ হিসেবে মহিলা-পিছু সন্তান জন্মের হারের ফারাককে চিহ্নিত করা হয়েছে। তথ্য অনুযায়ী, মুসলিম মহিলাদের ক্ষেত্রে গড় সন্তান জন্মের হার ৩.১। খ্রিস্টান মহিলাদের ক্ষেত্রে সেই হার ২.৫। একটি প্রজন্মের পরিবর্তে পরবর্তী প্রজন্মকে ধরে রাখতে মহিলা-পিছু প্রায় ২.১টি সন্তানের জন্মহার প্রয়োজন বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।
প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফলে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা ১৬০ কোটি বাড়তে পারে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা ৭৯.২ কোটি বাড়ার প্রক্ষেপণ করা হয়েছে। ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে ইসলাম ত্যাগকারী ও ইসলাম গ্রহণকারীর সংখ্যার ফারাকে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ লক্ষ কমতে পারে। খ্রিস্টধর্মের ক্ষেত্রে এই নেট হ্রাস ১০.৫ কোটি হতে পারে।
২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারে বলেও প্রক্ষেপণে জানানো হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমের সংখ্যা ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে।
দেশভিত্তিক হিসাবে, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২.৭ কোটি থেকে ২০৭০ সালে ৪৬.১ কোটিতে পৌঁছতে পারে। এর ফলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠতে পারে। তবে এই হিসাব নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয় বলেও জানানো হয়েছে। অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের মতো নানা বিষয় ভবিষ্যতের জনসংখ্যার ছবিকে প্রভাবিত করতে পারে।