টোকিও, ১৯ নভেম্বর: পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বহুমেরুবিশিষ্ট এশিয়া ও বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে ভারত ও জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার টোকিওতে চতুর্থ ভারত-জাপান ‘২+২’ বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকের শেষে তিনি এ কথা বলেন।

জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সদিচ্ছা রয়েছে। এই সহযোগিতা আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও প্রতিনিধিত্বমূলক করে তুলতেও ভূমিকা নিতে পারে।

“আমাদের সহযোগিতা যে বৃহত্তর লক্ষ্যকে সমর্থন করতে চায়, তা হল বহুমেরুবিশিষ্ট এশিয়া এবং বহুমেরুবিশিষ্ট বিশ্ব।”

বর্তমান বিশ্ব ব্যবস্থা একাধিক সঙ্কটের মুখোমুখি বলেও উল্লেখ করেন বিদেশমন্ত্রী। পশ্চিম এশিয়া ও ইউক্রেনের সংঘাত, কোভিড-১৯ অতিমারির পরবর্তী প্রভাব এবং শক্তি, বাণিজ্য, খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। এই পরিস্থিতিতে ভারত ও জাপানের মতো নির্ভরযোগ্য সহযোগীর গুরুত্ব বেড়েছে বলেও তাঁর মন্তব্য।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত পরিস্থিতি জটিল হয়ে ওঠার কথা উল্লেখ করে দুই দেশই অঞ্চলটিকে মুক্ত ও উন্মুক্ত রাখার অঙ্গীকার ফের জানিয়েছে। জয়শঙ্কর বলেন, এ ক্ষেত্রে কোয়াডের সহযোগী দেশগুলির সঙ্গেও ভারত ও জাপান যুক্ত রয়েছে।

বৈঠকে সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতা, যোগাযোগ ব্যবস্থা, প্রযুক্তি এবং যুদ্ধের বদলে যাওয়া চরিত্র নিয়েও আলোচনা হয়। জয়শঙ্করের বক্তব্য, যোগাযোগ ব্যবস্থা, সম্পদ, পরিষেবা, সরবরাহ শৃঙ্খল ও বাজারে অংশীদারিত্বকে কৌশলগত চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। তাই বিকল্প ব্যবস্থা এবং আরও শক্তিশালী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলা জরুরি।

অন্য দিকে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির সঙ্গে বৈঠক করেন। প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি, সামুদ্রিক নিরাপত্তা, তিন বাহিনীর যৌথ মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে।

রাজনাথ জাপানের ইয়োকোসুকায় সামুদ্রিক আত্মরক্ষা বাহিনীর নৌঘাঁটিও পরিদর্শন করেন। সেখানে কোইজুমির সঙ্গে তিনি ‘মোগামি’ শ্রেণির বহুমুখী যুদ্ধজাহাজ ‘জে এস নাতোরি’ ঘুরে দেখেন। জয়শঙ্করের বক্তব্য, বিশ্ব ব্যবস্থায় প্রতিটি দেশকে আরও বেশি দায়িত্ব নিতে হচ্ছে, এমন সময়ে ভারত-জাপানের দৃঢ় সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।