গুয়াহাটি, ১৯ নভেম্বর: আগামী ২০ নভেম্বর ২০২৬ সকাল ৬টা থেকে ২২ নভেম্বর ২০২৬ সকাল ৬টা পর্যন্ত ঘোষিত ৪৮ ঘণ্টার কর্মবিরতি ও চাকাবন্ধ কর্মসূচিতে সমর্থন জানাচ্ছে না সেভেন স্টেট টুরিস্ট ক্যাব অপারেটর্স ইউনিয়ন। অসমের বেসরকারি মোটর শ্রমিক সংগঠন এবং মোটর মালিক সংগঠনগুলির সমন্বয়রক্ষী কমিটি ওই কর্মসূচির ডাক দিয়েছে।
ইউনিয়নের সভাপতি ইসমাইল আলি জানান, ওই সময়ে পর্যটকবাহী গাড়ির মালিক-চালকদের গাড়ির পাশাপাশি বিভিন্ন ট্রাভেল এজেন্সির গাড়িও দেশের নানা রাজ্যে পর্যটকদের নিয়ে সফরে রয়েছে। পর্যটকেরা সাধারণত ১৫ থেকে ২০ দিনের জন্য উত্তর-পূর্বে বেড়াতে আসেন। হঠাৎ কর্মবিরতির সিদ্ধান্ত হলে পর্যটক ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সকল পক্ষ সমস্যায় পড়বেন বলে তাঁর দাবি।
ইউনিয়নের বক্তব্য, এমন আকস্মিক সিদ্ধান্তকে তাদের পাশাপাশি পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত অন্য কোনও ইউনিয়নও সমর্থন করতে পারছে না। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অসমের সমস্ত মোটর শ্রমিক ও মালিক সংগঠনকে একত্রে আলোচনার মাধ্যমে অভিন্ন সিদ্ধান্তে পৌঁছনো দরকার বলেও জানিয়েছে তারা।
পর্যটকবাহী গাড়ির ভাড়া বৃদ্ধির দাবি গাড়ির মালিক-চালকেরা সরাসরি সরকারের কাছে জানাতে পারেন না। সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলির মাধ্যমে সেই দাবি তোলা বেশি যুক্তিসঙ্গত বলে মত ইউনিয়নের। এ ক্ষেত্রে ট্রাভেল এজেন্সিগুলিকে পূর্ণ সহযোগিতা করতে হবে বলেও জানানো হয়েছে।
ইউনিয়নের দাবি, মোটর শ্রমিকদের কল্যাণমূলক প্রকল্পে নাম নথিভুক্তির কাজ আগামী ডিসেম্বর থেকে শুরু হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।