শিলং, ১৯ নভেম্বর: ২০২৭ সালে ভ্রমণের জন্য বিশ্বের সেরা ২০টি গন্তব্যের তালিকায় জায়গা পেল মেঘালয়। তালিকায় ভারতের একমাত্র গন্তব্য হিসেবে স্বীকৃতি পেয়েছে উত্তর-পূর্বের এই রাজ্য।

ফ্রান্সের বার্গান্ডি, ইতালির সার্ডিনিয়া, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এবং মাদাগাস্কারের মতো গন্তব্যের সঙ্গে একই তালিকায় রয়েছে মেঘালয়।

মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্য এবং অনন্য অভিজ্ঞতা বিশ্বের নজর কেড়েছে। বিশ্বকে স্বাগত জানাতে মেঘালয় প্রস্তুত।

সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানান, রাজ্যের প্রকৃতি, সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী পর্যটন-অভিজ্ঞতা আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেয়েছে। এই স্বীকৃতি রাজ্যের জন্য সম্মানের বলেও তিনি উল্লেখ করেন।

তালিকায় শতাব্দীপ্রাচীন জীবন্ত শিকড়ের সেতু, পবিত্র বনাঞ্চল এবং খাসি-সহ স্থানীয় জনজাতিগুলির ঐতিহ্যবাহী জীবনযাপনের কথা বিশেষ ভাবে বলা হয়েছে। নংরিয়াটের বিখ্যাত দোতলা জীবন্ত শিকড়ের সেতুটি রাজ্যের অন্যতম আকর্ষণ। রবার ফিগ গাছের আকাশমুখী শিকড় প্রজন্মের পর প্রজন্ম ধরে ছোট নদী ও গভীর খাদ পেরিয়ে পরিচালিত করে এই প্রাকৃতিক সেতুগুলি তৈরি করেছেন খাসি জনজাতির মানুষ।

নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ, মাওফ্লাংয়ের পবিত্র বনাঞ্চল এবং নভেম্বরে শিলঙে হওয়া চেরি ব্লসম উৎসবের কথাও তালিকায় রয়েছে। পাহাড়ি খাবার, রক সঙ্গীতের সংস্কৃতি, লিরনাইয়ের প্রায় ১,০০০ বছরের পুরনো কালো মাটির মৃৎশিল্প এবং লাকাডং হলুদও পর্যটকদের আকর্ষণ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

২০২৭ সালের মার্চে ৩৯তম জাতীয় ক্রীড়া আসরের আগে রাজ্যে স্থানীয় মানুষের অংশগ্রহণভিত্তিক পর্যটন জোরদার করার উদ্যোগ চলছে। সরকার ১,০০০টি হোমস্টে তৈরি বা উন্নত করার জন্য সহায়তা দিয়েছে। এর ফলে পর্যটকেরা স্থানীয় সংস্কৃতি ও প্রাকৃতিক পরিবেশের অভিজ্ঞতা পাবেন, পাশাপাশি স্থানীয় মানুষেরও অর্থনৈতিক লাভ হবে বলে আশা করা হচ্ছে।

প্রকৃতির মধ্যে গাইড-সহ পদযাত্রা, ঐতিহ্যবাহী বয়নশিল্প, হস্তশিল্প ও স্থানীয় খাবারের অভিজ্ঞতার সুযোগ রয়েছে মেঘালয়ে। পর্যটন পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনজাতির অংশগ্রহণ ও লাভ নিশ্চিত করে টেকসই পর্যটন ব্যবস্থার উপর জোর দিচ্ছে রাজ্য।