ইম্ফল, ১৯ নভেম্বর: মণিপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কাংলেই ইয়াওল কান্না লুপ এবং কাংলেইপাক কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ নভেম্বর ইম্ফল পশ্চিম ও ইম্ফল পূর্ব জেলায় পৃথক অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, খাবেইসোইয়ের বিশেষ সিডিও ইউনিটের একটি দল ইম্ফল পশ্চিম জেলা থেকে কাংলেই ইয়াওল কান্না লুপের দুই সন্দেহভাজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। ধৃতেরা হলেন, হেইনৌপোক ইমা ইয়ুমজাও লেইরেম্বির বাসিন্দা ৪০ বছরের খারিবাম জোতিন সিং ওরফে তাংবা এবং সাজিং কারাম মাখা লেইকাইয়ের বাসিন্দা ৩৭ বছরের লাইশ্রাম আনন্দ মেইতেই ওরফে ছানা।
অন্য একটি অভিযানে বিষ্ণুপুর সিডিও-র দল ইম্ফল পূর্বের মিনুথং হাফিজ হাট্টা থেকে ৪৪ বছরের আব্দুল সাফি আনসারি ওরফে মটরকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ কাংলেইপাক কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত থাকা এবং এলাকায় তোলাবাজির কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ দিকে, ১৭ নভেম্বর থৌবাল সিডিও ও ইয়ারিপোক থানার যৌথ দল ইয়ারিপোক ফৌডেনে গাড়ি তল্লাশির সময় প্রায় ২.১০৭ কেজি সন্দেহভাজন ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলন্ত গাড়ি পরীক্ষা চলাকালীন একটি ই-রিকশা থামিয়ে চালক পাশের আবাসিক এলাকার দিকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
পরে ই-রিকশাটিতে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার হয়। বাজেয়াপ্ত মাদক ও ই-রিকশাটি তদন্তের জন্য ইয়ারিপোক থানায় পাঠানো হয়েছে। পলাতক চালককে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।