কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অরুণাচল প্রদেশ সফরের আগে মণিপুরের সঙ্কট এবং প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প নিয়ে প্রশ্ন তুলল যুব কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক তারহ জনি জানতে চেয়েছেন, সরকার পূর্বপুরুষের জমি, আদিবাসী পরিচিতি, পরিবেশগত স্বার্থ এবং প্রকল্পে প্রভাবিত মানুষের অধিকার রক্ষা করবে কি না।
শুক্রবার সন্ধ্যা থেকে তিন দিনের সফরে অরুণাচলে যাওয়ার কথা শাহের। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে বান্দেরদেওয়ার পুলিশ ট্রেনিং সেন্টারে একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। সেখানে তিনি শহিদ স্মারকে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং অরুণাচল প্রদেশ পুলিশকে রাষ্ট্রপতির পুলিশ কালার প্রদান করবেন।
নবনিযুক্ত পুলিশকর্মীদের নিয়োগপত্র বিলি করার পাশাপাশি ওই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথাও রয়েছে তাঁর। পরে ইটানগরের লোক ভবনে রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বড় উন্নয়ন প্রকল্প, পরিকাঠামো, অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত এলাকার উন্নয়ন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার দোরজি খান্ডু স্টেট কনভেনশন সেন্টারে অরুণাচল প্রদেশ সমবায় ভিশন ডকুমেন্ট ২০৪৭ প্রকাশ করবেন শাহ। তিনি সমবায় পুরস্কার দেবেন এবং সরস মেলার উদ্বোধন করবেন। পরে হোলোঙ্গিতে বিকেল ৩টা ৪৫ মিনিট নাগাদ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দ্বাদশ ব্যাটালিয়নের ক্যাম্পাস উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর।
সিয়াং উপত্যকায় প্রস্তাবিত বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পটি নিয়ে স্থানীয় মানুষের একাংশের মধ্যে প্রতিবাদ চলছে। প্রকল্পের সম্ভাব্য প্রভাব নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে।
সফর উপলক্ষে রাজধানী এলাকা এবং পাপুম পারে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলাশাসক মামু হাগে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত গোটা পাপুম পারে জেলাকে উড়ান নিষিদ্ধ এলাকা ঘোষণা করেছেন। এই সময় ড্রোন, চালকবিহীন উড়ানযান, বেলুন এবং সব ধরনের আকাশপথে ছবি ও ভিডিও তোলা নিষিদ্ধ থাকবে।