ডিগবই: ডিগবই গলফ লিঙ্কসে অনুষ্ঠিত ২৬তম ইন্ডিয়ান অয়েল সার্ভো মাস্টার্স গলফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন বেঙ্গালুরুর রাউনিল কুকার। দুই স্ট্রোকে জিতে তিনি প্রথম ডিপি ওয়ার্ল্ড পিজিটিআই খেতাব দখল করলেন।
এক কোটি টাকা পুরস্কারমূল্যের ডিপি ওয়ার্ল্ড পিজিটিআইয়ের ২০২৬-২৭ মরসুমের প্রথম প্রতিযোগিতায় শেষ রাউন্ডের শুরুতে কাপুরথালার যুবরাজ সিং এবং মহৌয়ের ওম প্রকাশ চৌহানের সঙ্গে যুগ্মভাবে এগিয়ে ছিলেন রাউনিল। শেষ রাউন্ডে পাঁচ আন্ডার ৬৭ স্কোর করে তিনি মোট ১৬ আন্ডার ২৭২ স্কোরে প্রতিযোগিতা শেষ করেন।
২০২২ সালে ডিপি ওয়ার্ল্ড পিজিটিআইয়ে যোগ দেওয়া রাউনিল শেষ রাউন্ডে আটটি বার্ডি ও তিনটি বোগি করেন। চ্যাম্পিয়ন হয়ে তিনি ১৫ লক্ষ টাকা পুরস্কার পান এবং ২০২৬-২৭ মরসুমে ডিপি ওয়ার্ল্ড পিজিটিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন।
সাফল্যের জন্য কোচ রাহুল বাজাজ, ইন্ডিয়ান অয়েল এবং ডিপি ওয়ার্ল্ড পিজিটিআইকে ধন্যবাদ জানিয়েছেন রাউনিল।
অংশুল কবথিয়াল আট আন্ডার ৬৪ স্কোর করে প্রতিযোগিতার সেরা রাউন্ড খেলেন এবং রানার-আপ হন। চণ্ডীগড়ের অক্ষয় শর্মা ১২ আন্ডার ২৭৬ স্কোরে তৃতীয় স্থান পান।
১২ বার ডিপি ওয়ার্ল্ড পিজিটিআই খেতাবজয়ী ওম প্রকাশ চৌহান ১১ আন্ডার ২৭৭ স্কোরে চতুর্থ হন। যুবরাজ সিং এবং বাংলাদেশের মহম্মদ রাজু ১০ আন্ডার ২৭৮ স্কোরে যুগ্ম পঞ্চম স্থান দখল করেন।