বান্দরদেওয়া, ২১ নভেম্বর: অরুণাচল প্রদেশের প্রস্তাবিত ছিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্পে ক্ষতিগ্রস্তদের দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ দেওয়া হবে বলে আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা ও পরামর্শের পরেই প্রকল্পটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

বান্দরদেওয়ায় রাষ্ট্রপতির পুলিশ কালার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, ছিয়াং এলাকার মানুষের উদ্বেগের কথা সরকার জানে। স্থানীয় মানুষের সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্যকে সম্পূর্ণ সম্মান করা হবে।

তাঁর কথায়, দেশের উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন এবং অরুণাচল প্রদেশের রাজস্ব বৃদ্ধির জন্য ছিয়াং প্রকল্প গুরুত্বপূর্ণ। এর কৌশলগত গুরুত্বও রয়েছে। তবে প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্থানীয় মানুষের সঙ্গে ইতিবাচক আলোচনা ও পরামর্শকেই অগ্রাধিকার দেওয়া হবে।

“এই প্রকল্প নিয়ে ইতিবাচক আলোচনা ও পরামর্শের মাধ্যমেই আমরা এগোব। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছব। আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই,” বলেন শাহ।

স্থানীয় মানুষ যেমন নিজেদের সংস্কৃতিকে সম্মান করেন, সরকারও তেমনই তাঁদের পরিচয় ও সংস্কৃতিকে সম্মান করে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রকল্পে যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন, তাঁদের পুনর্বাসনের ক্ষেত্রে কোনও আপস করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াট ক্ষমতার ছিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্প নিয়ে ছিয়াং অঞ্চলের একাংশ সংগঠন ও স্থানীয় বাসিন্দারা আপত্তি জানিয়ে আসছেন। তাঁদের আশঙ্কা, প্রকল্পের ফলে গ্রাম স্থানান্তর, পূর্বপুরুষের জমি হারানো, জনবসতি জলমগ্ন হওয়া এবং আদিবাসী মানুষের সাংস্কৃতিক পরিচয় ক্ষতিগ্রস্ত হতে পারে।

চিনের ইয়ারলুং সাংপো নদীতে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের প্রেক্ষিতেও ছিয়াং প্রকল্পের কৌশলগত গুরুত্ব বেড়েছে। ইয়ারলুং সাংপো অরুণাচল প্রদেশে ঢোকার পরে ছিয়াং নামে পরিচিত।