বন্দেরদেওয়া: অরুণাচল প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বিভাগের বিভিন্ন পদে নবনিযুক্ত ৯৩২ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার বন্দেরদেওয়ার পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিয়োগপত্র দেন।
ছ’ধরনের পদে এই নিয়োগ হয়েছে। ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের ১৪ জন কনস্টেবল ব্যান্ডকর্মী ও ২৩৫ জন কনস্টেবল, অসামরিক পুলিশের ১৫৭ জন মহিলা কনস্টেবল এবং ২১১ জন পুরুষ কনস্টেবল নিয়োগ পেয়েছেন।
এ ছাড়া ৭২ জন অগ্নিনির্বাপক কর্মী এবং স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্সের ২৪৩ জন কর্মীকেও নিয়োগ করা হয়েছে। এর ফলে রাজ্যের পুলিশ, অগ্নিনির্বাপক পরিষেবা ও বন্যপ্রাণী সুরক্ষার ক্ষেত্রে নতুন করে ৯৩২ জন কর্মী যুক্ত হলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। নবনিযুক্তদের অভিনন্দন জানিয়ে তিনি তাঁদের কর্মজীবন সফল হওয়ার কামনা করেন। অরুণাচল প্রদেশের সেবায় তাঁরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিয়োগপত্র দেওয়ার জন্য অমিত শাহকে ধন্যবাদ জানান তিনি।