গুয়াহাটি, ২১ নভেম্বর: অসমে মাছ উৎপাদন ও বিপণন ব্যবস্থায় খিলঞ্জিয়া মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব নিশ্চিত করার আহ্বান জানালেন অসম প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ শইকীয়া। রাজ্যকে মাছ উৎপাদনে সম্পূর্ণ আত্মনির্ভর করে তোলার পাশাপাশি মৎস্য ক্ষেত্রকে খিলঞ্জিয়া যুবক-যুবতী, মহিলা এবং গ্রামীণ উদ্যোগীদের লাভজনক জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি।
বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে শনিবার গুয়াহাটির অটলবিহারী বাজপেয়ী ভবনে বিজেপির মৎস্যজীবী সেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শইকীয়া বলেন, অসমের মাছের বাজার ধীরে ধীরে খিলঞ্জিয়াদের হাত থেকে বিদেশি বংশোদ্ভূত মানুষের নিয়ন্ত্রণে চলে যাওয়া উদ্বেগের বিষয়।
মাছের উৎপাদন, সংরক্ষণ, পরিবহণ, প্রক্রিয়াকরণ ও বিপণনের গোটা ব্যবস্থায় খিলঞ্জিয়াদের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব নিশ্চিত করতে হবে।
অসমকেশরী অম্বিকাগিরী রায়চৌধুরীর ঐতিহাসিক আহ্বান, ‘মাঠও আমাদের, বাজারও আমাদের’-এর আদর্শে মৎস্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রেও সামগ্রিক অর্থনৈতিক জাগরণ গড়ে তোলার কথাও বলেন তিনি। শইকীয়ার মতে, অলংকারি মাছ, উন্নত প্রজাতির পোনা, আধুনিক মৎস্যচাষ, মাছের খাদ্য প্রস্তুত, শীতলীকরণ ব্যবস্থা এবং মূল্যসংযোজিত পণ্য উৎপাদনেও শিল্প ও কর্মসংস্থানের বড় সুযোগ রয়েছে। গরুখুঁটি প্রকল্পে অলংকারি মাছ উৎপাদনের উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবর্ষে অসমে মাছের উৎপাদন ছিল ২.৯৪ লক্ষ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৫.৫৪ লক্ষ মেট্রিক টন। অর্থাৎ, ১০ বছরে উৎপাদন বেড়েছে ২.৬০ লক্ষ মেট্রিক টন বা ৮৮.৪৪ শতাংশ। ২০২৬-২৭ অর্থবর্ষে উৎপাদন ৫.৭২ লক্ষ মেট্রিক টনে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।
রাজ্যের প্রায় ৯০ শতাংশ মানুষের খাদ্যাভ্যাসে মাছের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তাই মৎস্য ক্ষেত্রকে শুধু খাদ্য উৎপাদনের ঐতিহ্যগত ক্ষেত্র হিসেবে না দেখে গ্রামীণ জীবিকা, পুষ্টি সুরক্ষা, ক্ষুদ্র শিল্প এবং স্থানীয় বাজার ব্যবস্থার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে।
অসমকে মাছ উৎপাদনে আত্মনির্ভর করতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, এসওপিডির অধীনে ১০ জেলায় গুচ্ছভিত্তিক মৎস্য উৎপাদন এবং বিশ্বব্যাঙ্কের সহায়তাপ্রাপ্ত অসম কৃষি-বাণিজ্য ও গ্রামীণ রূপান্তর প্রকল্প চালানো হচ্ছে। এই প্রকল্পগুলির মাধ্যমে আধুনিক মৎস্যচাষ, উন্নত পোনা ও প্রযুক্তির ব্যবহার, উৎপাদন খরচ কমানো, মৎস্যচাষিদের আয় বৃদ্ধি, বাজার-সংযোগ মজবুত করা এবং মৎস্যভিত্তিক শিল্পের প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, অসমের মৎস্যমন্ত্রী নীলিমা দেবী, সাংসদ তেরছ গোয়ালা, বিজেপির বিভিন্ন বিভাগ ও সেলের জাতীয় সহ-আহ্বায়ক বিষ্ণুবর্ধন রেস্ত্রি এবং রাজ্য মৎস্য তথ্য আধিকারিক ড. ধ্রুবজ্যোতি শর্মা-সহ বিভিন্ন প্রান্তের মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন। মৎস্য ক্ষেত্রে মহিলা ও যুব উদ্যোগীদের অংশগ্রহণ, আধুনিক প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং বাজার-সংযোগ বাড়ানোর প্রয়োজনীয়তাও আলোচিত হয়।