বান্দরদেওয়া: কাশ্মীর উপত্যকায় এখন আর কোনও স্থানীয় জঙ্গি সক্রিয় নেই বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অরুণাচল প্রদেশের বান্দরদেওয়ায় প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

শাহের দাবি, পুলওয়ামায় একটি সংঘর্ষে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত শেষ পরিচিত স্থানীয় জঙ্গিকে নিষ্ক্রিয় করেছে কাশ্মীর পুলিশ। এর পর উপত্যকায় আর কোনও স্থানীয় জঙ্গি অবশিষ্ট নেই। তবে সেখানে বিদেশি জঙ্গিরা এখনও সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।

“এখন উপত্যকায় কোনও কাশ্মীরি যুবক জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নেই।”

ভাষণে ১৯৯০-এর দশকে কাশ্মীরের পরিস্থিতির কথাও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, সে সময় উপত্যকায় জঙ্গিবাদ চরমে পৌঁছেছিল এবং কাশ্মীর কত দিন ভারতের সঙ্গে যুক্ত থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। নিরাপত্তাবাহিনীর সাহস ও আত্মত্যাগের জেরেই কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত থাকতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।

২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রসঙ্গ তুলে শাহ বলেন, এর ফলে কাশ্মীরের তরুণ প্রজন্মের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাবের অবসান ঘটেছে।

অরুণাচল প্রদেশ পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদানকে রাজ্যের জন্য গর্বের মুহূর্ত বলেও অভিহিত করেন শাহ। দেশের কোনও রাজ্যের ইতিহাসে এমন সম্মান পাওয়ার সুযোগ বিরল বলেও উল্লেখ করেন তিনি। অরুণাচল পুলিশ, রাজ্যের বাসিন্দা এবং মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।

জনসাধারণ ও দেশের প্রতি নিষ্ঠা এবং পরিষেবার স্বীকৃতিস্বরূপ অরুণাচল প্রদেশ পুলিশকে এই সম্মান দেওয়া হয়েছে। প্রেসিডেন্টস পুলিশ কালার দেশের পুলিশবাহিনীকে দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মান।