সাহারানপুর, শনিবার: সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে দেওয়ার জন্য প্রস্তুত রাখা গার্ড অব অনার ভুলবশত এআইএমআইএম প্রধান তথা সাংসদ আসাদুদ্দিন ওয়েইসিকে দিল উত্তরপ্রদেশ পুলিশ। এই প্রোটোকল-বিভ্রাটের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহারানপুরের সার্কিট হাউসে সুপ্রিম কোর্টের ওই বিচারপতির অভ্যর্থনার জন্য পুলিশকর্মীদের একটি দল মোতায়েন ছিল। বিচারপতি পৌঁছনোর আগেই সকাল সাড়ে ১১টা নাগাদ নিজের কনভয়-সহ সার্কিট হাউসে পৌঁছন ওয়েইসি।

ওয়েইসির কনভয় এবং তাঁর নিরাপত্তারক্ষীদের দেখে পুলিশ সেটিকে নির্ধারিত বিশিষ্ট অতিথির কনভয় বলে ভুল করে। তার পরই তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পুলিশকর্মীদের অভিবাদনের সময় ওয়েইসিও দাঁড়িয়ে তা গ্রহণ করেন।

ওয়েইসি জানান, তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে, তা তিনি আগে থেকে জানতেন না। তাঁকে দাঁড়াতে বলা হয়েছিল বলেই তিনি দাঁড়িয়েছিলেন।

সাহারানপুরের পুলিশ সুপার ব্যোম বিন্দল ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভুল বলে জানিয়েছেন। কী কারণে এই প্রোটোকল-সংক্রান্ত গাফিলতি ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

শনিবার আজাদ সমাজ পার্টির প্রতিষ্ঠাতা তথা নাগিনা কেন্দ্রের সাংসদ চন্দ্রশেখর আজাদের সঙ্গে দেখা করতে সাহারানপুরে গিয়েছিলেন ওয়েইসি। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ভোটের আগে গঠিত ‘সামাজিক পরিবর্তন মোর্চা’র রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেন দুই নেতা।