গুয়াহাটি: দু’দিন পরিষেবা থেকে সরিয়ে রাখার পর শনিবার থেকে শহরের বিভিন্ন রাস্তায় ফের চলাচল শুরু করেছে অসম রাজ্য পরিবহণ নিগমের অধীনে থাকা প্রায় ১০০টি সবুজ বাস। তবে বাসগুলির ফিটনেস শংসাপত্র ও বিমার বৈধতা নবীকরণ হয়েছে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।
কাজিরঙার রঙ্গাজানে মর্মান্তিক মিনিবাস দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর পরে রাজ্য জুড়ে পরিবহণের নিয়ম ভাঙা গাড়ির বিরুদ্ধে অভিযানের ঘোষণা করেছিল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ওই দুর্ঘটনার নেপথ্যে পরিবহণ সংক্রান্ত একাধিক বিধিভঙ্গের কথা উল্লেখ করে কঠোর অভিযানের ঘোষণা করেছিলেন।
এর পরেই গুয়াহাটির প্রায় ১০০টি সবুজ বাস পরিষেবা থেকে সরিয়ে রাখা হয়। ২০২৩ সালে কেনা বাসগুলির নথিপত্রে অসঙ্গতির অভিযোগ ওঠে। বিশেষ করে, বাধ্যতামূলক ফিটনেস শংসাপত্র ও বিমার মেয়াদ ফুরিয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে। অধিকাংশ বাস রূপনগর ডিপোতে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।
এম-পরিবহণে উপলব্ধ তথ্য অনুযায়ী, কয়েকটি বাসের নথি অসম্পূর্ণ ছিল অথবা সেগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিছু নথির ক্ষেত্রে এক বছরেরও বেশি এবং অন্য কয়েকটির ক্ষেত্রে ১০ বছরেরও বেশি সময়ের অসঙ্গতির তথ্য মিলেছে।
প্রায় ১০০টি বাসের নিবন্ধন হয়েছিল ২০২৩ সালের ১৬ ডিসেম্বর। ওই বাসগুলির ফিটনেস শংসাপত্রের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ১৫ ডিসেম্বর এবং বিমার মেয়াদ শেষ হয় ২০২৬ সালের ২১ মার্চ।
এক চালকের দাবি, বাসগুলির নথিপত্র তাঁদের দেওয়া হয়নি। ফলে নথির মেয়াদ ফুরিয়ে যাওয়ার বিষয়েও তাঁরা জানতেন না।
শনিবার থেকে বাসগুলি ফের রাস্তায় নামলেও, পরিষেবা চালুর আগে সংশ্লিষ্ট নথিগুলি নবীকরণ করা হয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।