কাজের খোঁজে বাড়ি ছেড়ে রাশিয়ায় যাওয়ার পর থেকে নিখোঁজ কাছাড় জেলার সোনাইয়ের বাসিন্দা আব্দুল মুক্তাদির লস্কর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে রুশ সেনার পোশাকে তাঁকে দেখা গিয়েছে বলে দাবি করে একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে উদ্বেগে তাঁর পরিবার।
পরিবারের দাবি, গত ১৩ জুলাই কাজের সন্ধানে প্রথমে মুম্বই গিয়েছিলেন আব্দুল। সেখানে প্রায় তিন দিন থাকার পরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁকে রাশিয়ায় পাঠানো হয়। তবে কে তাঁকে রাশিয়ায় পাঠিয়েছিলেন এবং কী ধরনের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল, সে সম্পর্কে পরিবারের কাছে বিশেষ তথ্য নেই।
আব্দুলের ভাই জানিয়েছেন, ২৫ অগস্ট পর্যন্ত পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তার পরে আচমকাই ফোন এবং অন্য সব মাধ্যমে যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন কোনও খবর না মেলায় সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখতে পান পরিবারের সদস্যেরা।
ভিডিওটিতে রুশ সেনার পোশাকে আরও কয়েক জনের সঙ্গে আব্দুলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। যদিও ভিডিওতে থাকা ব্যক্তি আব্দুল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। রুশ সেনাবাহিনীতে তাঁর নিয়োগের বিষয়টিও এখনও নিশ্চিত নয়।
আব্দুলের সন্ধান এবং তাঁকে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হস্তক্ষেপ চেয়েছে পরিবার। কূটনৈতিক স্তরে বিষয়টি উত্থাপনের আবেদনও জানানো হয়েছে। আব্দুল দু'টি ছোট সন্তানের বাবা। তাঁর তিন বছরের একটি ছেলে ও এক বছরের একটি মেয়ে রয়েছে।