চিকান্দে, ২২ নভেম্বর: ইন্দোনেশিয়ার বান্টেন প্রদেশের সেরাং জেলার চিকান্দে এলাকায় একটি মিষ্টি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এখনও ৩৬ জন শ্রমিক নিখোঁজ।
শনিবার বিকেল ৫টা নাগাদ জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে পিটি ফোনুসা আগুং মুলিয়া নামে ওই কারখানায় আগুন লাগে। সেখানে জনপ্রিয় ‘মিল্কিতা’ ব্র্যান্ডের দুধের মিষ্টি-সহ বিভিন্ন ধরনের লজেন্স তৈরি হয়।
বান্টেনের অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত ৩ জনের দেহ উদ্ধার হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। তাঁদের মধ্যে ৪ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
আগুনে তিনতলা কারখানা ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। ছাদের একটি অংশও ভেঙে পড়েছে। রবিবারও কারখানার বিভিন্ন অংশ থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে।
নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত অংশগুলিতে তল্লাশি চালাচ্ছে। দমকল আগুন নেভানোর পাশাপাশি শীতলীকরণের কাজও করছে।
আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। তবে জীবিত উদ্ধার হওয়া কয়েক জন শ্রমিকের দাবি, তৃতীয় তলার একটি কুলিং ইউনিটের কাছ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।