নয়ডা, ২২ নভেম্বর: বায়ুদূষণে দিল্লিকেও ছাপিয়ে গেল নয়ডা। ২২ নভেম্বর সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, নয়ডার বায়ুর গুণমান সূচক বা এ-কিউ-আই বেড়ে ৪৩১-এ পৌঁছেছে। বায়ুর মান ‘গুরুতর’ শ্রেণিতে রয়েছে।
২১ নভেম্বর নয়ডার সেক্টর ৬২-তে এ-কিউ-আই ছিল ৩৪৩। পরের দিন তা বেড়ে ৪৩১ হয়েছে। অন্য দিকে, দিল্লির গড় এ-কিউ-আই ২৩০ থেকে ২৩৭-এর মধ্যে রয়েছে, যদিও শহরের কয়েকটি এলাকায় সূচক ৩০০ ছাড়িয়েছে।
গ্রেটার নয়ডাতেও বায়ুর মান খারাপ থেকে অতি খারাপ শ্রেণিতে রয়েছে। রাস্তার ধুলো, নির্মাণকাজ, শিল্পাঞ্চলের ধোঁয়া এবং যানবাহনের ধোঁয়াকে দূষণ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাতাসের গতি কমে যাওয়া এবং তাপমাত্রা নামার জেরে দূষক কণা বায়ুমণ্ডলের নীচের স্তরে আটকে থাকছে বলেও জানা গিয়েছে।
দিল্লি-এনসিআর অঞ্চলে গ্র্যাপের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বিধিনিষেধ জারি রয়েছে। নির্মাণকাজের ধুলো নিয়ন্ত্রণ, ডিজেল জেনারেটর ব্যবহারে নিয়ন্ত্রণ, খোলা জায়গায় কয়লা, কাঠ ও আবর্জনা পোড়ানোয় নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ করা হয়েছে। বৈধ পিইউসি শংসাপত্র না থাকা গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, দূষণ বেশি থাকলে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভাল। বাইরে যেতে হলে মুখে ঠিকমতো বসে এমন এন-৯৫ মাস্ক ব্যবহার করা উচিত। সকাল ও সন্ধ্যায় বাইরে হাঁটা বা শরীরচর্চা এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।
বাড়ির দরজা-জানলা বন্ধ রেখে বাইরের ধুলো ও ধোঁয়া ঢোকা ঠেকাতে বলা হয়েছে। সম্ভব হলে হেপা ফিল্টারযুক্ত বায়ু পরিশোধক ব্যবহার করা যেতে পারে। শিশুদের খোলা জায়গায় খেলতে না দিয়ে বাড়ির ভিতরে রাখার পরামর্শও দেওয়া হয়েছে। শিশু, বয়স্ক এবং হাঁপানি, হৃদ্রোগ বা শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। শ্বাস নিতে কষ্ট, লাগাতার কাশি বা বুকে ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।