ডিব্রুগড়, ২২ নভেম্বর: ঠাকুমার শেষকৃত্যে যোগ দিতে পঞ্জাবে যাওয়ার পরে ফের ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে ফিরলেন খডুর সাহিবের সাংসদ তথা ‘ওয়ারিস পঞ্জাব দে’-র প্রধান অমৃতপাল সিং। শনিবার সকাল প্রায় ৯টায় ইন্ডিগোর বিমানে তিনি ডিব্রুগড় বিমানবন্দরে পৌঁছন।

বিমানবন্দর থেকে ছ’টি গাড়ির পুলিশি কনভয়ে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ওই সময় পঞ্জাব পুলিশের একটি দল এবং অসম পুলিশের কর্মীরাও উপস্থিত ছিলেন।

অমৃতপালের ৮৪ বছরের ঠাকুমা চরণ কৌরের মৃত্যু হয় ৮ নভেম্বর। তাঁর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য অমৃতসরের অতিরিক্ত দায়রা বিচারকের আদালত মানবিক কারণে ২১ নভেম্বর অমৃতপালকে তিন ঘণ্টার হেফাজতি প্যারোল মঞ্জুর করেছিল। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পঞ্জাবে থাকার অনুমতি পান তিনি।

এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পাশাপাশি ঠাকুমাকে শেষ শ্রদ্ধা জানান অমৃতপাল। তবে পুরো সময়টাই তিনি পুলিশি হেফাজতে ছিলেন এবং স্বাধীন ভাবে চলাফেরার অনুমতি ছিল না।

আদালতের নির্দেশ অনুযায়ী, ২২ নভেম্বর ঠাকুমার অস্থি সংগ্রহ এবং ২৩ নভেম্বরের ভোগ অনুষ্ঠানে তিনি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিতে পারবেন।

২০২৩ সালের ২৩ এপ্রিল থেকে ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারে বন্দি অমৃতপাল। পঞ্জাবের আজানালা থানায় হামলার মামলায় গ্রেফতারের পরে তাঁকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনেও আটক করা হয়েছিল। ২০২৬ সালের এপ্রিলে ওই আইনে তাঁর তিন বছরের আটককাল শেষ হলেও আজানালা মামলায় তিনি এখনও বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।