লখিমপুর: মাত্র ২২ বছর বয়সে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে বিজ্ঞানীর পদ পেলেন লখিমপুর জেলার যুবক সত্যজিৎ কামান। তাঁর এই সাফল্যে অসমের বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

ঢকুয়াখনা মহকুমার অন্তর্গত বালিচাপরি গ্রামের বাসিন্দা সত্যজিৎ। তিনি মহুরা চাপরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কামানের ছেলে।

এর আগে ২০২৩ সালের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার বিজ্ঞান বিভাগে গোটা অসমে তৃতীয় স্থান লাভ করেছিলেন সত্যজিৎ। শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের পর এ বার ইসরোতে বিজ্ঞানীর পদ পেয়ে সাফল্যের আরও একটি নজির গড়লেন তিনি।

সত্যজিতের এই কৃতিত্বে মিসিং জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন ও গোষ্ঠী তাঁকে অভিনন্দন জানিয়েছে। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনাও করা হয়েছে।

মহাকাশ গবেষণার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এত কম বয়সে সত্যজিতের স্থান লাভ লখিমপুরের পাশাপাশি গোটা অসমের গর্ব বলে মনে করা হচ্ছে।