অসমে উচ্ছেদ অভিযানের নামেও সিন্ডিকেট চলছে বলে অভিযোগ করলেন ধুবুরীর কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন। এ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে তীব্র আক্রমণ করেছেন তিনি।
হুসেনের অভিযোগ, মুখ্যমন্ত্রী উচ্ছেদ অভিযান চালানোর পরে আজমল স্মারকলিপি দিয়ে রাজনীতি করেন। স্মারকলিপিতে উল্লিখিত বিষয়গুলি নিয়ে সরব হওয়ার বদলে আজমল তাঁকে এবং গৌরব গগৈকে গালিগালাজ করেন বলেও দাবি তাঁর। মুখ্যমন্ত্রী যা শেখান, সংবাদমাধ্যমের সামনে আজমল সেই কথাই বলেন বলে মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ।
ধুবুরীতে আজমল ১৫ বছর সাংসদ থাকার পরেও উচ্ছেদের মুখে পড়া মানুষদের সরকারি জমির মেয়াদি পাট্টা দেওয়ার জন্য কোনও আবেদন করেননি বলে অভিযোগ হুসেনের। উচ্ছেদ হওয়া বহু এলাকায় এআইইউডিএফের বিধায়ক থাকা সত্ত্বেও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়নি বলেও তাঁর দাবি।
নিজের বিধায়ক জীবনের প্রসঙ্গ টেনে হুসেন বলেন, ২০০১ সাল থেকে চামগুড়ির বিধায়ক থাকার সময়ে তিনি মুখ্যসচিবকে সেখানে নিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষদের জমির পাট্টার ব্যবস্থা করেছিলেন। নির্বাচিত প্রতিনিধির দায়িত্ব হল এলাকার মানুষের সমস্যা সমাধানে সরকারের কাছে দাবি তোলা, মন্তব্য তাঁর।
প্রয়াত হিতেশ্বর শইকীয়া মুখ্যমন্ত্রী থাকার সময়ে যমুনামুখে চিকিৎসালয়ের নামে আজমল সরকারি জমি নিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন হুসেন। তাঁর আরও দাবি, প্রফুল্ল কুমার মহন্তের মুখ্যমন্ত্রিত্বের সময় গুয়াহাটিতে একটি সংগঠনের নামে নেওয়া জমি পরে আত্মীয়ের নামে হস্তান্তর করা হয়েছিল।
ভূমি উপদেষ্টা কমিটির নিয়ম ভেঙে আদানি-সহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে জমি দেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন হুসেন। কংগ্রেস ক্ষমতায় এলে জাতি-ধর্ম নির্বিশেষে প্রকৃত ভূমিহীনদের চিহ্নিত করে তাঁদের জমি দেওয়া হবে বলে জানান তিনি। নিয়মবহির্ভূত জমি বণ্টনের অভিযোগগুলি তদন্ত করে প্রয়োজন হলে উচ্ছেদ অভিযান চালানোর কথাও বলেছেন হুসেন।