শিলচর, ২৩ নভেম্বর: কাজের সুযোগের প্রলোভন দেখিয়ে অসমের এক যুবককে রাশিয়ায় নিয়ে গিয়ে সে দেশের সেনাবাহিনীতে যোগদান করানোর অভিযোগ উঠেছে। কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার বাসিন্দা আব্দুল মুক্তাদির লস্কর ওরফে মুন্না নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে।

সোনাইয়ের তুলারগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা মুক্তাদির পরিবারকে জানিয়েছিলেন, তিনি আজারবাইজানে কাজের সুযোগ পেয়েছেন। পরিবারের হাতে আসা বিমানের টিকিট অনুযায়ী, গত ১৪ জুলাই মুম্বই থেকে বাকু হয়ে মস্কো যাওয়ার ব্যবস্থা হয়েছিল তাঁর নামে। দেশে ফেরার জন্য ৩০ জুলাইয়ের একটি টিকিটও বুক করা ছিল। তবে নির্ধারিত দিনে তিনি দেশে ফিরেছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

পরিবারের দাবি, রাশিয়ায় পৌঁছনোর পরে মুক্তাদির রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন। গত ২৬ অগস্ট স্ত্রী সালমার সঙ্গে শেষ বার তাঁর কথা হয়েছিল। তার পর থেকে পরিবারের সঙ্গে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাশিয়ার সামরিক পোশাক পরা কয়েক জন বিদেশি যুবকের সঙ্গে মুক্তাদিরের একটি ছবি দেখতে পেয়েছেন পরিবারের সদস্যেরা। এর পরেই তাঁকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রণাঙ্গনে পাঠানো হয়ে থাকতে পারে বলে তাঁদের আশঙ্কা বেড়েছে।

একই ভাবে বাংলাদেশ থেকেও কাজের আশ্বাস দিয়ে যুবকদের রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কয়েক জন যুবক রাশিয়ায় আটকে পড়েছেন বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশের পরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ, কাজের প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নেওয়ার পরে একাংশ যুবককে রাশিয়ার সেনাবাহিনীতে যোগদান করানো হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। তবে এই অভিযোগগুলির স্বতন্ত্র নিশ্চিতকরণ এখনও হয়নি।

মুক্তাদিরের স্ত্রী সালমা ও তাঁদের দুই সন্তান তাঁর ফেরার অপেক্ষায় রয়েছেন। তাঁদের এক বছরের একটি মেয়ে ও তিন বছরের একটি ছেলে রয়েছে। স্বামীর খোঁজ পেতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন সালমা।

কূটনৈতিক স্তরে যোগাযোগ করে মুক্তাদিরের বর্তমান অবস্থান নিশ্চিত করা এবং তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছে পরিবার। তিনি কোথায় রয়েছেন এবং যুদ্ধক্ষেত্রে মোতায়েন কি না, তার কোনও স্পষ্ট উত্তর এখনও মেলেনি।