জেরুজালেম, ২২ নভেম্বর: ইজরায়েলে নতুন সরকার গঠনের রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকোট অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দক্ষিণপন্থী লিকুড পার্টিকে জোট গঠন নিয়ে আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন।
আইজেনকোটের মধ্যপন্থী ইয়াশার পার্টি শনিবার এ কথা জানিয়েছে। রবিবার থেকে শুরু হতে চলা এই আলোচনাকে যতটা সম্ভব বৃহৎ সরকার গঠনের প্রতি আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন বলে দাবি করেছে দলটি।
অক্টোবরে ইজরায়েলের নির্বাচনে কোনও রাজনৈতিক জোটই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সে কারণে নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটকে আগামী মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
তবে আইজেনকোটের শিবিরে অতি-অর্থডক্স ও আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলির সঙ্গে জোট করা হবে, না কি নেতানিয়াহুর শিবিরের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গড়া হবে, তা নিয়ে মতভেদ রয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী নাফটালি বেনেট শনিবার আইজেনকোটের নেতৃত্বে ‘ইহুদি জাতীয় ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানান। তিনি স্পষ্ট করেছেন, তাঁর দল নেতানিয়াহু বা তাঁর রাজনৈতিক শিবিরের সঙ্গে জোট করবে না।
নেতানিয়াহু অবশ্য ইজরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকারের পক্ষে সওয়াল করে আসছেন। আইজেনকোটের শিবিরের সঙ্গে সরকার গঠনের জন্য লিকুড বেশ কয়েকটি শর্তও দিয়েছে। তার মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক বয়কট বন্ধ করার দাবি রয়েছে।
লিকুডের অন্য প্রস্তাবগুলির মধ্যে রয়েছে, ইজরায়েলকে ইহুদি জনগোষ্ঠীর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিরোধিতা, সিরিয়া, লেবানন ও গাজায় ইজরায়েলের নিরাপত্তা অঞ্চল বজায় রাখা এবং সেনাবাহিনীতে অতি-অর্থডক্স সম্প্রদায়ের নিয়োগ নিয়ে বিস্তৃত ঐকমত্য গড়ে তোলা। ঐক্যের সরকারে আরব দলগুলিকে না রাখার কথাও বলেছে লিকুড।
আইজেনকোট জানিয়েছেন, সরকার গঠন নিয়ে আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না। বিস্তৃত ভিত্তির সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে সংখ্যালঘু জাতীয় জরুরি সরকারের প্রস্তাব সংসদে ভোটাভুটির জন্য পেশ করতেও তিনি প্রস্তুত।