লন্ডন, ২২ নভেম্বর: দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সুইন্ডনে স্ত্রী জোয়ান ইয়ংকে মাদক খাইয়ে অচেতন করে প্রায় ১৩ বছর ধরে ধর্ষণ এবং যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে ফিলিপ ইয়ং নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অন্য পুরুষদেরও ওই নির্যাতনে জড়ানো হত বলে অভিযোগ। এই ঘটনায় চার জনকে দোষী সাব্যস্ত করেছে উইনচেস্টার ক্রাউন কোর্ট।
অভিযোগ, নিজের বাড়িতেই জোয়ানকে অচেতন করে ধর্ষণ করতেন ফিলিপ। অনলাইনে যোগাযোগ করে অন্য পুরুষদের বাড়িতে ডেকে এনে যৌন নির্যাতনে অংশ নিতে দিতেন তিনি। স্ত্রীর অজান্তে ওই ঘটনাগুলির ভিডিওও রেকর্ড করতেন বলে আদালতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার নর্মান ম্যাক্সনি (৪৮) এবং রিচার্ড উইলকিনস (৬২)-কে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন কনর স্যান্ডারসন-ডয়েল (৩২) ও মহম্মদ হাসান (৩৮)। অন্য এক সহ-অভিযুক্ত দোষ স্বীকার করেছেন। সপ্তম এক সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
৪৯ বছরের জোয়ান নিজের পরিচয় গোপন না রাখার সিদ্ধান্ত নিয়ে আদালতে সাক্ষ্য দেন। তিন সপ্তাহের শুনানিতে তিনি নির্যাতনের অভিজ্ঞতার কথা জানান। চলতি বছরের শুরুতে ফিলিপ স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ-সহ একাধিক যৌন অপরাধের কথা স্বীকার করেছিলেন। তিনি আগে কনজারভেটিভ পার্টির স্থানীয় কাউন্সিলর ছিলেন।
ইলেকট্রনিক যন্ত্র পরীক্ষা করে সামনে আসে তথ্য
২০২৪ সালে ফিলিপের ইলেকট্রনিক যন্ত্র পরীক্ষা করে পুলিশ জোয়ানের শত শত অন্তরঙ্গ ছবি পায়। পশুর সঙ্গে যৌন সম্পর্কের ছবি আপলোড করার অভিযোগে পুলিশের নজরে এসেছিলেন তিনি। পরে তদন্তে জানা যায়, ওই ছবিগুলি আরও বড় যৌন অপরাধচক্রের অংশ।
আদালতে পেশ হওয়া ২০১৬ সালের একটি ভিডিওতে চোখ বাঁধা ও বাঁধা অবস্থায় জোয়ানের কাছে রিচার্ড উইলকিনসকে যেতে এবং তাঁকে যৌন নির্যাতন করতে দেখা গিয়েছে। ভিডিওতে জোয়ানের ঘুমন্ত অবস্থায় শ্বাস নেওয়ার শব্দও শোনা যায় বলে জানানো হয়েছে।
জোয়ানের চুলের নমুনা পরীক্ষায় কেটামিন ও জোলপিডেম নামে মাদক ও ঘুমের ওষুধের অবশিষ্টাংশ মিলেছে। তদন্তে আরও জানা গিয়েছে, ফিলিপ আগে চিকিৎসকের কাছ থেকে জোলপিডেম পেয়েছিলেন। ফ্রান্সের জিজেল পেলিকট মামলার তদন্তে ব্যবহৃত কেমটক্স ফরেন্সিক পরীক্ষাগারের বিশেষজ্ঞেরাও এই তদন্তে ব্রিটিশ পুলিশকে সাহায্য করেন।
রায়ের পরে জোয়ান বলেন, এই নির্যাতন তাঁর আগের জীবন কেড়ে নিয়েছে। যাঁকে তিনি পৃথিবীতে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, তিনিই তাঁর সঙ্গে ভয়াবহ বিশ্বাসঘাতকতা করেছেন। নিজের বাড়িতেও যে তিনি নিরাপদ ছিলেন না, এই ঘটনা তাঁকে সেই উপলব্ধি করিয়েছে।