গুবাহাটী, ২৮ নভেম্বর: আগামী রবিবার, ২৯ নভেম্বর ভোরে অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত গুবাহাটী ম্যারাথন। এই প্রতিযোগিতার সূচনাপর্বের জন্য গুবাহাটীর সরুসজাই ক্রীড়া চত্বরে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পুরোদমে চলছে। দৌড় শুরু হবে এই সরুসজাই থেকেই।
পেপার মাশে (PAPER MACHE)-র উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের নানা প্রান্তের পাশাপাশি বিদেশের দৌড়বিদরাও অংশ নিচ্ছেন। রবিবার ভোরের আলো ফোটার আগেই যাতে সমস্ত ব্যবস্থা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, তার জন্য আয়োজকরা তৎপরতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।
এই প্রতিযোগিতায় মোট চারটি বিভাগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪২ কিলোমিটারের ফুল ম্যারাথন, ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটারের দৌড়। আয়োজকদের তরফে জানানো হয়েছে, অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি স্বাস্থ্যসচেতন সাধারণ মানুষও যাতে নিজেদের প্রস্তুতি ও শারীরিক সক্ষমতা অনুযায়ী অংশ নিতে পারেন, সে কথা মাথায় রেখেই দূরত্বের এই বৈচিত্র্য রাখা হয়েছে।
উদ্যোক্তারা জানিয়েছেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে বহু প্রতিযোগী ইতিমধ্যে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। একই সঙ্গে ভিনদেশের প্রতিযোগীরাও নাম লিখিয়েছেন, যা উত্তর-পূর্বের সীমানা ছাড়িয়ে এই দৌড় প্রতিযোগিতার সার্বিক জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে।
বিভিন্ন স্তরের দৌড়বিদদের জন্য বিভিন্ন দূরত্বের ব্যবস্থা থাকায় সাধারণ মানুষ যেমন এতে যোগ দিতে পারবেন, তেমনই অভিজ্ঞ ম্যারাথন দৌড়বিদদের ক্ষেত্রেও এটি নিজেদের স্ট্যামিনা বা সহনশীলতা পরখ করে নেওয়ার একটি বড় সুযোগ হতে চলেছে।