শিলচর, ২৯ নভেম্বর: নিষিদ্ধ বাংলাদেশভিত্তিক উগ্রপন্থী সংগঠন হরকত-উল-জিহাদ-আল-ইসলামি বা হুজির সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে কাছাড় জেলার জিরিঘাট থেকে ৫৫ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নিরাপত্তাবাহিনী। কাছাড় পুলিশ ও অসম রাইফেলসের যৌথ অভিযানে তাঁকে ধরা হয়।

ধৃতের নাম সাজিদ ওরফে সৈয়দ মিয়া। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। অসম-মণিপুর সীমান্তের জিরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

তাঁর কাছ থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ঠিকানাযুক্ত একটি সন্দেহজনক জাল আধার কার্ড এবং মেঘালয়ের ঠিকানাযুক্ত একটি প্যান কার্ড উদ্ধার হয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি নথি, ভারতীয় মুদ্রা এবং বাংলাদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, প্রথমে নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিয়েছিলেন সাজিদ। জেরার মুখে তিনি বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছেন।

তদন্তকারী সংস্থাগুলির সন্দেহ, গত পাঁচ থেকে ছয় বছর ধরে উত্তর-পূর্বের বিভিন্ন এলাকায় হুজির সঙ্গে যুক্ত থেকে সক্রিয় ছিলেন তিনি। নিম্ন অসম ও বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের কিছু যুবককে সংগঠনে নিয়োগ এবং মণিপুর ও অসমের চিরাং জেলার কয়েক জন যুবকের অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

শিলচরের কয়েকটি মসজিদ ও মাদ্রাসার সঙ্গে তাঁর সম্ভাব্য যোগাযোগ নিয়েও তদন্ত চলছে। বদরপুরের আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া ছাত্রাবাসেও তিনি ছিলেন বলে জানা গিয়েছে। শিলচরের বিভিন্ন মসজিদে তাঁর যাতায়াত এবং স্থানীয়দের সঙ্গে সম্ভাব্য যোগাযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

২০২৪ সালের ১৯ মে পশ্চিমবঙ্গের মালদহ জেলায় ঘটে যাওয়া একটি বিস্ফোরণের সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তদন্তকারীরা তা-ও পরীক্ষা করছেন। তবে ওই ঘটনার সঙ্গে তাঁর সম্পর্ক এখনও নিশ্চিত হয়নি। জব্দ নথির সত্যতা এবং উত্তর-পূর্বে তাঁর সম্ভাব্য যোগাযোগের সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি এখনও তদন্তাধীন।