গুয়াহাটি, ২৮ নভেম্বর: মাজুলীর সমাজকর্মী সঞ্জয় ঘোষকে অপহরণ ও খুনের মামলায় আলফা নেতা ফটিক হাতীমতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল সিবিআইয়ের বিশেষ আদালত। ১৯৯৭ সালের ওই ঘটনার প্রায় ২৯ বছর পরে শনিবার এই রায় ঘোষণা করা হয়েছে।

১৯৯৭ সালের ৪ জুলাই মাজুলীর মখেলীগাঁও থেকে সঞ্জয় ঘোষ এবং তাঁর সহযোগী চন্দন দলেকে অপহরণ করে আলফার একটি দল। চন্দন দলে অপহরণকারীদের হাত থেকে কোনও মতে পালিয়ে বাঁচতে সক্ষম হলেও সঞ্জয় ঘোষের আর খোঁজ মেলেনি।

সিবিআইয়ের তদন্ত এবং গ্রেফতার হওয়া আলফা সদস্যের স্বীকারোক্তি অনুযায়ী, অপহরণের দিন রাতেই সঞ্জয় ঘোষকে একটি নৌকায় নিয়ে গিয়ে খুন করা হয়েছিল। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁর দেহ ব্রহ্মপুত্র নদীতে ফেলে দেওয়া হয় বলে তদন্তে উঠে আসে। এখনও তাঁর দেহ উদ্ধার হয়নি।

ঘটনার পরে ফটিক হাতীমতা মাজুলী ছেড়ে আত্মগোপন করেন। তদন্ত শেষে সিবিআই ফটিক হাতীমতা-সহ মোট ১১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।

২০১১ সালের ২৫ নভেম্বর গোপন সূত্রে খবর পেয়ে অসম পুলিশ মাজুলী থেকেই ফটিক হাতীমতাকে গ্রেফতার করে। পরে তাঁকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। ২০১২ সালের জুলাইয়ে গুয়াহাটি হাইকোর্ট একাধিক শর্তে তাঁকে জামিন দেয়।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বিশেষ আদালতের এই রায়ে প্রায় তিন দশক পুরনো সঞ্জয় ঘোষ অপহরণ-হত্যা মামলা ফের আলোচনায় এসেছে।