মিচিং স্বায়ত্তশাসিত পরিষদের ৩৮টি পরিষদীয় আসনে সোমবার ভোটগ্রহণের আগে মিচিং স্পোর্টস কার্নিভেলকে কেন্দ্র করে দুর্নীতি ও অর্থের অপব্যবহারের অভিযোগ নিয়ে চর্চা শুরু হয়েছে। সেই অভিযোগ সরাসরি উড়িয়ে দিল টাকাম মিচিং পরিণ কৌবাং বা টিএমপিকে।

সংগঠনের সভাপতি তিলক দলে বলেন, কোনও অনুষ্ঠানের আয়োজন হলে খাবারের ব্যবস্থা করা বাধ্যতামূলক। সেই খরচকেই দুর্নীতি বলা গ্রহণযোগ্য নয়।

গুয়াহাটিতে বসে মনগড়া খবর তৈরি করলে হবে না। সাধারণ মানুষের সামনে প্রমাণ দিতে হবে। টিএমপিকে বরাবরই দুর্নীতিমুক্ত মিচিং সমাজ গড়ার চেষ্টা করে এসেছে। নির্বাচনের সময়েই কেন মিচিং স্বায়ত্তশাসিত পরিষদ বা মিচিং স্পোর্টস কার্নিভেল নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে?

দলে জানান, তথ্য-প্রমাণ দিয়ে অভিযোগ করা হলে সংগঠন ব্যবস্থা নেবে। তাঁর কথায়, দুর্নীতি হয়নি বলে তিনি বড়াই করছেন না; কোথায় দুর্নীতি হয়েছে, তা দেখিয়ে দিতে হবে।

৩ নভেম্বরের পরে ভুয়ো তথ্য দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন টিএমপিকে-র সভাপতি।