মায়ানমার থেকে উত্তর-পূর্ব ভারত হয়ে দেশের অন্য অংশ ও বাংলাদেশে মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি চক্রের আর্থিক লেনদেনের তদন্তে ১,৪২৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। গত ২৩ অক্টোবর একযোগে চালানো ‘অপারেশন ট্রাইডেন্ট’-এ ১৮ জনকে গ্রেফতার করা হয়।
নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর চার্জশিটে মায়ানমারের নাগরিক থাংচিন্তুয়াং ওরফে চিন্তুয়াংকে এই চক্রের অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, চক্রটি নগদ অর্থ পাচারের পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়ায় ব্যবহার করত।
অভিযোগ, ভারতীয় মাদক ক্রেতাদের কাছ থেকে প্রতি ১০ লক্ষ টাকা জমা পড়লে অ্যাকাউন্টধারীদের ২,৫০০ থেকে ৩,০০০ টাকা কমিশন দেওয়া হত। ধৃত লালরামপারি নিজের আটটি এবং তাঁর স্বামীর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতেন বলে তদন্তকারীদের দাবি। অন্য এক গৃহবধূ আওইলুনভুংয়ের ছ’টি অ্যাকাউন্টে প্রায় ৪ কোটি টাকা লেনদেন হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
চিন্তুয়াংয়ের সহযোগীদের ব্যবহার করা অন্তত ২৬টি ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছে। আরও বিস্তৃত আর্থিক অনুসন্ধানে প্রায় ১০০ কোটি টাকার হাওলা লেনদেনের তথ্য সামনে আসার পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থপাচারের তদন্ত শুরু করেছে।
২৩ অক্টোবর ভোরে এনসিবি, ইডি, মিজোরাম পুলিশ এবং রাজ্যের নিরাপত্তাবাহিনীর ৩৮টি দল আইজল, চম্ফাই, জোখাওথার, মণিপুরের চুরাচাঁদপুর এবং অসমের কাছাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৭.৮২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে ৫০০টি ডিটোনেটর এবং ১২ লক্ষ টাকা নগদ।
মিজোরাম, মণিপুর, অসম ও ত্রিপুরা মিলিয়ে এখনও পর্যন্ত দুই ডজনের বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ১৬ নভেম্বর অসমের এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অভিযানকে মাদকচক্রের বিরুদ্ধে ‘মারাত্মক আঘাত’ বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, মাদকচক্রের কফিনে শেষ পেরেক না ঠোকা পর্যন্ত ভারতের অভিযান চলবে।
চিন্তুয়াং এবং অন্য ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। অর্থের উৎস ও চক্রের আরও যোগসূত্র খতিয়ে দেখছে ইডি এবং জাতীয় তদন্তকারী সংস্থা।