নয়ডা, ২৮ নভেম্বর: ভাল বেতনের আইটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভারতে এনে সাইবার প্রতারণার কাজে বাধ্য করার অভিযোগে নয়ডার একটি চক্রের কবল থেকে ২৩৬ জন বিদেশি নাগরিককে উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়াদের মধ্যে ১৬৪ জন ইন্দোনেশিয়ার এবং ৭২ জন মালয়েশিয়ার নাগরিক।
পুলিশের দাবি, ভারতে আসার পরে ওই ব্যক্তিদের অনলাইন প্রতারণার কাজ করতে বাধ্য করা হত। তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল বলেও অভিযোগ। নিজেদের ইচ্ছামতো বাইরে যাওয়ার সুযোগও তাঁদের দেওয়া হত না বলে পুলিশ জানিয়েছে।
এক মালয়েশীয় নাগরিক চক্রের কবল থেকে পালিয়ে পুলিশকে খবর দেওয়ার পরেই ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের অনলাইনে মহিলাদের পরিচয় দিয়ে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে বলা হত। ভুয়ো বিনিয়োগের মঞ্চ ব্যবহার করে অন্যদের টাকা বিনিয়োগে প্রলুব্ধ করতেও তাঁদের ব্যবহার করা হত বলে অভিযোগ।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত এক মালয়েশীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে প্রায় ৫৫০টি কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। চক্রটির সঙ্গে বড় কোনও আন্তর্জাতিক সাইবার অপরাধী নেটওয়ার্কের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
২০২৫ সালে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে প্রায় ২৮ লক্ষ অভিযোগ জমা পড়েছিল। সাইবার প্রতারণায় মানুষের প্রায় ২২,৪৯৫ কোটি টাকা ক্ষতি হয়েছিল বলে জানা গিয়েছে।
এর আগে জুলাইয়ে লখনউ পুলিশ আমেরিকার নাগরিকদের প্রতারণার অভিযোগে একটি ভুয়ো কল সেন্টার থেকে ১১৯ জনকে গ্রেফতার করেছিল।