অসম বিধানসভার উপাধ্যক্ষ ডাঃ হাবে টেরণের বিরুদ্ধে এক মহিলার ব্যক্তিগত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ ঘিরে রাজ্যের রাজনীতিতে প্রতিক্রিয়া চলছে। অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে উপাধ্যক্ষের পদ থেকে পদত্যাগের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন টেরণ।
“মহিলার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। এগুলি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ।”
টেরণের দাবি, বহু বছর আগের বিষয় নিয়ে ওঠা এই অভিযোগের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও ভিত্তি নেই বলেও মন্তব্য করেছেন তিনি।
বিরোধী দল ও বিভিন্ন সংগঠনের পদত্যাগের দাবির প্রসঙ্গে টেরণ বলেন, “আমি উপাধ্যক্ষের পদ থেকে কেন পদত্যাগ করব?”
ডিএনএ পরীক্ষার প্রশ্নে অবশ্য তিনি সরাসরি সম্মতি বা অসম্মতি জানাননি। পরে সবিস্তার জানাবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার সকলের সামনে বিষয়টি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন বলেও জানান টেরণ।
কার্বি প্রথাগত বৈঠকে ওঠা অভিযোগও অস্বীকার করেছেন তিনি এবং ওই বৈঠকের প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন। মহিলার আনা অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠিত হয়নি।