নতুন দিল্লি, ২৯ নভেম্বর: লোকসভা আসনের সংখ্যা ৮৫০-এ বাড়ানোর প্রস্তাবের বিরোধিতায় ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিনকে আহ্বান জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁকে ‘ভাই’ বলে সম্বোধন করে বিরোধী ঐক্য জোরদারের বার্তাও দিয়েছেন রাহুল।

চেন্নাই সফরের আগে সামাজিক মাধ্যম এক্সে রাহুল লেখেন, ইন্ডিয়া জোটের প্রবীণ নেতাদের সঙ্গে নিয়ে তিনি স্ট্যালিনের সঙ্গে দেখা করবেন এবং কেন্দ্রের প্রস্তাবিত সংবিধান সংশোধনী বিলগুলির বিরোধিতার আহ্বান জানাবেন। তাঁর অভিযোগ, লোকসভা আসন ৮৫০-এ বাড়ানো হলে বিজেপি-আরএসএস নিজেদের রাজনৈতিক সুবিধামতো দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে আঁকার বিপুল সুযোগ পাবে। এতে ভারতের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান ও রাজ্যগুলির অধিকার রক্ষায় ডিএমকের ঐতিহাসিক ভূমিকা স্বীকার করার জন্য রাহুল গান্ধীর কাছে কৃতজ্ঞ। তামিলনাড়ু ও তামিল মানুষের স্বার্থে কোনও আপস করবে না দল।

রাহুলের বক্তব্যের জবাবে স্ট্যালিন বলেন, তামিলনাড়ু ও তামিল মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ডিএমকে প্রতিটি সিদ্ধান্ত নিয়েছে। ইতিহাস তাঁদের ‘কাট্টাবোম্মান’ হিসেবেই মনে রাখবে, ‘এট্টাপ্পান’ হিসেবে নয় বলেও মন্তব্য করেন তিনি।

এক দিন আগেই অবশ্য কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলগুলিকে সমর্থনের কথা জানিয়েছিল ডিএমকে। দলের দাবি, লোকসভায় তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ প্রতিনিধিত্বের অংশ কমানো যাবে না। ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে সংসদীয় প্রতিনিধিত্বের অনুপাত আগামী ২৫ বছর বহাল রাখতে হবে। স্ট্যালিনের বক্তব্য, নতুন প্রস্তাবে তামিলনাড়ুর প্রতিনিধিত্ব বাড়বে এবং মোট আসনের তুলনায় রাজ্যের অংশ কমবে না।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের পরে কংগ্রেস ও ডিএমকের দীর্ঘদিনের জোট ভেঙে যায়। নির্বাচনে বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্ট্রি কাজগম ১০৮টি আসন নিয়ে বৃহত্তম দল হলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন পায়নি। পরে কংগ্রেস সরকার গঠনে টিভিকেকে সমর্থন দেয় এবং ৭ মে ডিএমকের সঙ্গে জোট শেষের আনুষ্ঠানিক ঘোষণা করে।

প্রস্তাবিত বিলের বিরোধিতায় চেন্নাইয়ের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন বিরোধী নেতা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।