জনতা ভবন: রাজ্য জুড়ে চলা মোটর পরিবহণ সংগঠনের বন্ধ কর্মসূচি লিখিত প্রতিশ্রুতি ও নির্দেশ না পাওয়া পর্যন্ত চলবে বলে জানাল সদৌ অসম মোটর পরিবহণ সংগঠন।
জনতা ভবনে পরিবহণ দফতরের কমিশনার-সচিব আকাশদীপ এবং দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সংগঠনের প্রতিনিধিদের বৈঠক হয়। সংগঠনের ছয় দফা দাবি নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সংগঠনের প্রতিনিধিদের দাবি, দফতর তাঁদের দাবিগুলির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে এবং তা পূরণের আশ্বাসও দিয়েছে।
সংগঠনের অন্যতম দাবি, জাতীয় সড়কে জ্যাকের সাহায্যে গাড়ি তুলে এসএলডি পরীক্ষা বন্ধ করতে হবে। তাঁদের বক্তব্য, এই পদ্ধতি বিপজ্জনক এবং এতে পথ দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।
একটি গাড়ির বিরুদ্ধে ৩০টি পর্যন্ত ই-চালান থাকার অভিযোগে গাড়ি বাজেয়াপ্ত করে থানায় রেখে দেওয়ার বিষয়টিও বৈঠকে ওঠে। সংগঠনের দাবি, এ ধরনের চালান আদালতে পাঠানো হোক, যাতে আদালত বিষয়টির নিষ্পত্তি করতে পারে।
এসএলডি ও ভিএলডিটি শংসাপত্র গাড়িতে আপলোড না হওয়ায় ফিটনেস, পারমিট পুনর্নবীকরণ এবং বিশেষ পারমিট পেতে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ সংগঠনের। শংসাপত্রগুলি আপডেটের জন্য সময় দেওয়ার পাশাপাশি আগের মতো এমভিআই পরীক্ষার মাধ্যমে গাড়ির এসএলডি ও গতিসীমা পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
সংগঠনের প্রতিনিধিদের দাবি, দাবিগুলি পূরণের সময়সূচি-সহ লিখিত নির্দেশ দেওয়া হবে বলে দফতর জানিয়েছে। তবে সরকারের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরেই বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংগঠন স্পষ্ট করেছে।